বাণিজ্য মেলায় ১০ লাখ টাকার বেশি ভ্যাট দিয়েছে ওয়ালটন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম দিন পর্যন্ত দেশীয় ইলেকট্রনিক্স ও অটোমোবাইল প্রস্তুতকারী কোম্পানি ওয়ালটন ১০ লাখ টাকার বেশি ভ্যাট দিয়েছে।
বুধবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় এ পর্যন্ত এক কোটি ৫০ লাখ টাকার কাছাকাছি ভ্যাট আদায় হয়েছে; এর মধ্যে ওয়ালটন এখন পর্যন্ত ১০ লাখ টাকারও বেশি ভ্যাট দিয়েছে।
একক প্রতিষ্ঠান হিসেবে মেলায় এই ভ্যাট সর্বোচ্চ দাবি করে এতে বলা হয়, এবারের বাণিজ্য মেলায় রেকর্ড পরিমাণ ভ্যাট আদায় হয়েছে।মেলার ২৭তম দিন পর্যন্ত ওয়ালটন ভ্যাট আদায়ে এগিয়ে রয়েছে।
কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের এই সময়ের তুলনায় এবার দ্বিগুণের বেশি ভ্যাট আদায় হয়েছে।
শেষ দিন পর্যন্ত দুই কোটি টাকার ভ্যাট আদায় হবে বলে কাস্টমস ও ভ্যাট কর্মকর্তারা আশা করছেন।
গত বছর মেলার ২৭তম দিন পর্যন্ত ভ্যাট আদায় হয়েছিল ৬৫ লাখ ৭২ হাজার ৮৯৭ টাকা, যার মধ্যে ওয়ালটন পাঁচ লাখ ৫৮ হাজার ৯০৫ টাকার ভ্যাট দেয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
