২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে কানাডার কফিশপ ‘সেকেন্ড কাপ’ উদ্বোধন

কানাডার শীর্ষস্থানীয় কফি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘সেকেন্ড কাপ’ ঢাকার বনানীতে তাদের প্রথম কফি শপ চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 09:24 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

সোমবার বনানীর কামাল আতাতুর্ক সড়কের আহমেদ টাওয়ারে ঢাকায় কানাডার হাই কমিশনার বেনিয়ট পেরিম লারমি এ কফি শপের উদ্বোধন করেন।

দ্রুতই উত্তরা, গুলশান ও ধানমন্ডিতে আরও শাখা চালু হবে বলে উদ্বোধনী থেকে জানানো হয়।

শরীর ও মনকে চাঙ্গা করতে গ্রামগঞ্জ ও শহরের মানুষ গরম পানীয় ‘চা’তে অভ্যস্ত হলেও বেশ কয়েক বছর ধরে কফিও জনপ্রিয় হয়ে উঠছে; শহর এলাকায় দিনে দিনে চালু হচ্ছে নতুন নতুন কফিশপ।

বাংলাদেশে সেকেন্ড কাপ কফিশপের অপারেশন ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “কফির জন্য বাংলাদেশ এখন সম্ভাবনাময় জায়গা। এদেশে কফির বাজার আরও সমৃদ্ধ হচ্ছে।

“এক সময় কফি বলতে বোঝানো হত চায়ের মতো তাৎক্ষণিক তৈরি করা পানীয়। এখন মানুষ ভিন্ন ভিন্ন ফ্লেভার ও স্বাদের কফির প্রতি আগ্রহী হচ্ছে। মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে কফি।”

কফি শপটিতে বাড়তি সুবিধা হিসাবে থাকছে ওয়াই-ফাই জোন, বইপ্রেমীদের জন্য রিডিং কর্নার। এছাড়া সুপার সেভার মিড ডে ডিল ও স্টুডেন্ট ডিল নামের দুটি অফার চালু করেছে সেকেন্ড কাপ কফি।

সেকেন্ড কাপ কফি বাংলাদেশের সিইও ফ্রেড জুসটেন বলেন, "কফির জগতে প্রকৃত কফির স্বাদ দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।"

১৯৭৫ সালে যাত্রা শুরু করা সেকেন্ড কাপের ৩৪৫টি কফি শপ রয়েছে কানাডায় জুড়ে । এছাড়া বিশ্বের ৩০টি দেশে তাদের শাখা রয়েছে।