২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছর পর বিমান এখন লাভে

ছয় বছরের মধ্যে ২০১৪-২০১৫ অর্থবছরে ২৭২ কোটি ২৩ লাখ টাকা লাভ করেছে বাংলাদেশ বিমান।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 10:46 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

রোববার জাতীয় সংসদে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ছয় বছরের মধ্যে মধ্যে বাংলাদেশ বিমান ২০১৪-১৫ অর্থবছরে ২৭২.২৩ কোটি টাকা লাভ করেছে।

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি আগের পাঁচ অর্থবছরে মোট ১৪৩৫ দশমিক ৬৪ কোটি টাকা লোকসান দিয়েছিল বলে জানান তিনি।

এর মধ্যে ২০০৯-১০ অর্থবছরে ৪৬ কোটি ২ লাখ টাকা এবং পরবর্তী অর্থবছগুলোতে ২২৪ কোটি ১৬ লাখ টাকা, ৫৯৪ কোটি ২১ লাখ টাকা, ২৮৫ কোটি ৬৩ লাখ টাকা ও ২৮৫ কোটি ৬১ লাখ টাকা লোকসান রয়েছে।

সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ‘ফোর্সেস গোল-২০৩০’ অনুসারে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে বেশ কিছু যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। 

এর মধ্যে রয়েছে মিডিয়াম রেঞ্জ ফিক্সড উইং ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, হেলিকপ্টার ট্রেইনার ও মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ)।

২ লাখ টনের বেশি খাদ্যশস্য উদ্বৃত্ত

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে চাহিদার তুলনায় ২ লাখ ৩৮ হাজার ২০০ মেট্রিক টন খাদ্যশস্য (ধান ও গম) বেশি উৎপাদিত হয়েছে।

তিনি জানান, ২০১৪-১৫ সালে দেশে খাদ্যশস্যের চাহিদা ছিল ৩ কোটি ৫৮ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর মধ্যে চালের চাহিদা ছিল ৩ কোটি ১৭ মেট্রিক টন ও গম ৪১ লাখ ২০ হাজার মেট্রিক টন।

এর বিপরীতে মোট উৎপাদন হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। এর মধ্যে চাল উৎপাদিত হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার মেট্রিক টন এবং গম উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৪৮ হাজার মেট্রিক টন।

চলতি অর্থবছরে সার খাতে ভর্তুকি বাবদ ১ হাজার ৫২১ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকা দেওয়া হয়েছে বলে কৃষিমন্ত্রী জানান।