দেশেই মোবাইল হ্যান্ডসেট তৈরির পরিকল্পনা ওয়ালটনের
নিজেদের ব্র্যান্ডের নামে আমদানি করা সেট বাজারে ছাড়ার পর এখন দেশেই কারখানায় মোবাইল হ্যান্ডসেট উৎপাদনের পরিকল্পনা নিয়েছে ওয়ালটন।
শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক কারখানা প্রাঙ্গণে ওয়ালটন মোবাইল ফোন পরিবেশকদের সম্মেলনে পরিচালক এসএম মঞ্জুরুল আলম অভি একথা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মঞ্জুরুল আলম বলেন, কাঁচামাল আমদানিতে সরকারের প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে ২০১৭ সালের মধ্যে দেশেই মোবাইল হ্যান্ডসেট তৈরি করতে আগ্রহী ওয়ালটন। এলক্ষ্যে এরই মধ্যে দেড় শতাধিক প্রকৌশলী নিয়োগ দেওয়া হয়েছে।
দেশের কারখানায় মিড ও হাই রেঞ্জের মোবাইল ফোন সেট ও ট্যাব তৈরির পরিকল্পনা নিয়েছে ওয়ালটন। কোম্পানিটি বর্তমানে রেফ্রিজেরেটর এবং মোটর সাইকেল দেশেই তৈরি করছে।
দিনব্যাপী সম্মেলনে সারাদেশ থেকে আসা ওয়ালটন মোবাইল ফোন বিভাগের ২৫টি জোনের ১৭০ জন পরিবেশক অংশ নেন।
অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএস নূরুল আলম রেজভী, ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম শামসুল আলম, পরিচালক এসএম রেজাউল আলম, এসএম মঞ্জুরুল আলম অভি ও তাহমিনা আফরোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
