২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহস্থালি পণ্য, ফার্নিচারের স্টলে ভিড়

মেলা চলবে আর আর নয়দিন; আর তাই শেষ দিকে এসে ছুটির দিনে প্রয়োজনীয় পণ্য কিনতে বাণিজ্য মেলায় ব্যস্ত নগরবাসীর উপচে পড়া ভিড় জমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 11:15 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

শুক্রবার মেলা ঘুরে দেখা যায়, সিরামিকের তৈজসপত্র, অ্যালুমিনিয়ামের তৈরি দেশি-বিদেশি রান্নার পাত্রসহ গৃহস্থালী নানা সামগ্রী কিনতেই বেশি অগ্রহী ছিলেন দর্শনার্থীরা।

আসবাবপত্রের শোরুমগুলোতে দেখা গেছে ভিড়; পছন্দের খাট, সোফা সেট ও আলমিরার জন্য কেউ কেউ অগ্রীম টাকা জমা দেন। পরে কোম্পানির লোকজন তা বাসায় পৌঁছে দেবে।

সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে মিরপুরে বাসার উদ্দেশ্যে মেলাপ্রাঙ্গণ ছাড়ছিলেন শাকিল হাসান; হাতে ছিল ব্লেন্ডার ও জুস মেকারসহ একসেট গৃহস্থালি পণ্য।

মেলায় জিনিসপত্রের দাম নিয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “খুব বেশি মূল্যছাড় কোথাও তো দেখলাম না। ছাড় দেওয়ার আগেই দাম বাড়িয়ে রাখা হয়। সব মিলিয়ে একই কথা।”

মূল ফটকের দক্ষিণে দিকে হাতিল, নাদিয়া, আখতার ব্রাদার্সসহ কয়েকটি ফার্নিচারের প্যাভেলিয়ন। এগুলোতে তাৎক্ষণিক বেচাকেনা কম হলেও ক্রেতাদের বেশ ভিড় দেখা যায়।

ব্রাদার্স ফার্নিচারের মার্কেটিং রুহুল আমিন জানান, এবারের মেলায় তাদের অন্তত ৪০টি নতুন ডিজাইনের খাট, চেয়ার-টেবিল ও সোফা সেট এসেছে। ক্রেতারা চাইলে বাসায় পণ্য পৌঁছে দিয়ে টাকা নিচ্ছেন তারা।

মেলায় আসা শিশুদের প্রধান লক্ষ্য থাকে খেলনায়; অন্যান্য পণ্যে ছাড়ের অফার থাকলেও খেলার সামগ্রী চড়া দামেই বিক্রি হচ্ছে বলে জানালেন শামসুল আলম খোকন।

নিজের তিন বছরের ছেলের জন্য কেনা উড়োজাহাজ ও বাসসহ আরো কয়েকটি খেলনা দেখিয়ে তিনি বলেন, “ছেলে বায়না ধরাতে এগুলো নেওয়া। খুব মানসম্মত খেলনা নেই, যা আছে তার দামও অনেক চড়া।”

তাইওয়ানের তৈরি বিভিন্ন পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি নিয়ে স্টল সাজিয়েছেন এ হোসাইন ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী আবুল হোসেন জীবন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যে বিশুদ্ধ পানির চাহিদা সবার ওপরে। অফিস-আদালতের পাশাপাশি বাসাবাড়িতেও এধরনের পানি বিশুদ্ধকরণ প্লান্ট বসানো যেতে পারে।”

প্রধান ফটকের বাম পাশে বিছানা চাদরের দোকান থেকে হ্যান্ডমাইক দিয়ে ক্রেতাদের ডাকতে দেখা যায় দোকান কর্মচারী সুজনকে; ডাবল সাইজের তিনটি চাদর বিক্রি হচ্ছে ১৫শ টাকায়। স্টলটিতে ক্রেতাদের বেশ আনাগোনা দেখা যায়।

মেলায় নিজের প্রতিষ্ঠিত কোম্পানি ফার্ন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাঁচ রকমের লিকুইড ক্লিনার পণ্য নিয়ে স্টল সাজিয়েছেন ওবায়দুর রহমান; বিক্রির পাশাপাশি তিন বছরের পুরোনো কোম্পানির প্রচারের লক্ষ্যও রয়েছে তার।

ডিস ক্লিনার, টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, হ্যান্ডওয়াশ ও ফ্লোর ক্লিনারের পাঁচটি জার বিক্রি করছেন ৫২০ টাকায়; সঙ্গে উপহার হিসেবে রয়েছে রিফিল করার মতো ৫০ টাকা দামের একটি হ্যান্ডওয়াশ।

এবারের মেলায় দৃষ্টিনন্দন ‘মোদি কটি’ পাওয়া যাচ্ছে ব্লেজারের স্টলগুলোতে। তবে গত  বছরের তুলনায় ব্লেজারের দাম যেমন বেশি, তেমনি কটিগুলোও বিক্রি হচ্ছে একটু চড়া দামে।

মেলায় পরিচিত কোম্পানি ডেনিশ, নাবিস্কো, অলিম্পিক ও প্রাণসহ আরও অসংখ্য কোম্পানির স্টল রয়েছে।

এসব শুকনো খাবারের দোকানগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। বাজারের চেয়ে কিছুটা ছাড়ে বিক্রি হওয়া বিভিন্ন স্বাদের বিস্কুট কিনতে দেখা গেছে অনেককে।