রিকন্ডিশন্ড গাড়ির মেলা শুরু
পরিবেশবান্ধব প্রযুক্তি সম্পর্কে ধারণা এবং সচেতনতার সৃষ্টিতে ঢাকায় শুরু হয়েছে জাপানি রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী ‘বারভিডা কার এক্সপো ২০১৬’।
শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান প্রদর্শনী উদ্বোধন করেন।
তৃতীয় বারের মত আয়োজন করা এই প্রদর্শনী চলবে রোববার পর্যন্ত।
উদ্বোধনীতে শাজাহান খান বলেন, নতুন প্রজন্মের হাইব্রিড রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে নীতি সহায়তা এবং চট্রগ্রাম ও মংলা বন্দরে গুদাম ভাড়া হ্রাসের ক্ষেত্রে ব্যবসায়ীদের যে দাবি রয়েছে তা বিবেচনা করা হবে।
বাংলাদেশে মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নত হওয়ায় গাড়ির চাহিদা বাড়ছে জানিয়ে শাজাহান খান বলেন, “গাড়ি এখন আর বিলাস পণ্য নয়, প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।”
রাজধানীতে নির্মাণাধীন ফ্লাইওভার ও মেট্রোরেল চালু হলে যানজট কমবে এবং এতে গাড়ির চাহিদা ও বিক্রি বাড়বে বলে আশাপ্রকাশ করেন নৌমন্ত্রী।
প্রদর্শনীতে ৪০টি স্টল রয়েছে বলে উদ্বোধনীতে জানানো হয়।
পরিবেশবান্ধব প্রযুক্তি সম্পর্কে ধারণা এবং সচেতনতার সৃষ্টিতে দর্শনার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছে এই প্রতিষ্ঠানগুলো।
মেলায় সরকারি প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্টল থেকে ক্রেতাদের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে বলেও জানানো হয়।
পরিবেশবান্ধব হাইব্রিড রিকন্ডিশন্ড গাড়িকে শুল্ক ও নীতি সহায়তা দেওয়ার মাধ্যমে আমদানিযোগ্য করার আহ্বান জানান বারভিডা’র সভাপতি মো. আব্দুল হামিদ শরীফ।
“শ্রীলংকা হাইব্রিড গাড়ির ৫০ শতাংশ শুল্ক ছাড়া দিচ্ছে। বাংলাদেশে হাইব্রিড রিকন্ডিশনড গাড়ি আমদানিযোগ্য করা এখন সময়ের দাবি।”
বন্দরগুলোতে গুদাম ভাড়া কমালে আরও কম মূল্যে ক্রেতাদের গাড়ি সরবরাহ করা যেত বলে মন্তব্য করেন বারভিডা’র সাবেক সভাপতি মো. হাবিব উল্লাহ ডন।
বারভিডা’র সাবেক সভাপতি মো. হাবিব উল্লাহ ডন বলেন, বন্দরগুলোতে গুদাম ভাড়া কমালে আরো কম মূল্যে ক্রেতাদের গাড়ি সরবরাহ করা যেত।
উদ্বোধনীতে এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, বারভিডার প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হক, সিনিয়র সহ-সভাপতি এ বি এম আনিসুজ্জামান পিনু বক্তব্য রাখেন।
