রবির নেটওয়ার্ক সম্প্রসারণে এরিকসন
চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলে মোবাইল ফোনের থ্রিজি নেটওয়ার্ক উন্নয়নে রবি আজিয়াটা লিমিটেডের সাথে চুক্তি সাক্ষর করেছে টেলিযোগাযোগ সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরিকসন।
এই চুক্তি অনুসারে দুটি অঞ্চলের থ্রিজি নেটওয়ার্ক উন্নয়নে উল্লেখযোগ্য সংখ্যক থ্রিজি বা ডব্লিউসিডিএমএ সাইট বসানো হবে বলে বৃহস্পতিবার এরিকসনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ডাটা সেবার মান উন্নয়নে গুরুত্ব দিতেই এই আপগ্রেডেশনের কাজ করছে মোবাইল ফোন অপারেটর রবি।
এরিকসন জানায়, চুক্তি অনুযায়ী রবির নেটওয়ার্ক বিস্তৃত করে উন্নত ডেটা সেবা ও মোবাইল অ্যাপ কাভারেজ নিশ্চিত করতে এরিকসন নেটওয়ার্ক হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইন্টিগ্রেশন সংক্রান্ত সব ধরনের সার্ভিস দেবে, যা রবিকে আরো বেশি গ্রাহক আকৃষ্ট করতে সাহায্য করবে।
চুক্তি সম্পর্কে রবির প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ কে এম মোর্শেদ বলেন, "একটি ডিজিটাল সোসাইটি গড়ে তুলতে গিয়ে আমরা লক্ষ্য করেছি ডেটা সেবার চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
"তাই এই পরিপ্রেক্ষিতে আমাদের নেটওয়ার্ক আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য এরিকসনের সাথে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত।"
এরিকসন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজ বলেন, "ররির সাথে এই চুক্তির মাধ্যমে বিশ্বের অন্যতম ক্রমবর্ধমান বাজার বাংলাদেশে এরিকসনের প্রযুক্তি এবং সেবার নেতৃত্ব আরও শক্তিশালী হবে।
"একটি নেটওয়ার্কড সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে আমরা জনসাধারণ, ব্যবসা এবং সোসাইটিকে উন্নত প্রযুক্তির অভিজ্ঞতা দিয়ে যাব।"
পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে এরিকসনের সর্বশেষ মোবিলিটি প্রতিবেদন অনুসারে, মোবাইল সাবস্ক্রিপশন বৃদ্ধির দিক থেকে বাংলাদেশ বিশ্বের দশটি দেশের মধ্যে অন্যতম।
সম্প্রতি ৪০ লাখ নতুন মোবাইল গ্রাহক বৃদ্ধি করে বাংলাদেশ এই তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছে।
প্রতিবেদনে আরও দেখানো হয় , ২০১৫ সালের মধ্যে দেশের ২০ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করবে এবং ২০১৮ সালের মধ্যে তা দ্বিগুন হয়ে যাবে।
