প্রযুক্তিপণ্যের মেলা শুরু বুধবার
‘ভিশন টু সার্ভ, গো উইথ আইসিটি’ স্লোগান সামনে রেখে বুধবার রাজধানীতে শুরু হচ্ছে ছয় দিনের প্রযুক্তি পণ্যের মেলা।
এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান)‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬’ নামে সপ্তম এ মেলার আয়োজন করা হয়েছে বলে কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহ্সোন জানিয়েছেন।
মঙ্গলবার মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন তিনি বলেন, বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি পণ্য নিয়ে মেলায় অংশ নেবে।
“সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা ও ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।”
এবারের মেলার গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে এইচপি, আসুস, স্যামসাং ও লেনোভো। সিলভার স্পন্সর থাকছে লজিটেক এবং এম এস আই। এছাড়াও টিপি লিংক, রেপো ও ইসেট স্পন্সর হিসেবে রয়েছে।
আয়োজকরা জানান, ২৫ জানুয়ারি পর্যন্ত চলমান মেলার প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় ঢুকতে পারবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
