টিআইবির প্রতিবেদন পোশাক খাতকে অশান্ত করতে: বিজিএমইএ
টিআইবির প্রতিবেদনে তৈরি পোশাক শিল্পের সরবরাহ চক্রে (সাপ্লাই চেইন) দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে তা নাকচ করেছে পোশাক কারখানার মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্পকে অশান্ত করতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “এই প্রতিবেদন একেবারেই ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, সত্যের অপলাপ এবং দুরভিসন্ধিমূলক। তাই আমরা একে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি।”
জার্মানভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেনসি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে, যাতে তৈরি পোশাক শিল্পের নানা অনিয়ম ধামাচাপা দিতে ‘ঘুষ’ লেনদেনের কথা বলা হয়।
দুর্নীতিবিরোধী প্রচারণা চালানো সংস্থাটির দাবি, দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাকের সাপ্লাই চেইনের কার্যাদেশ, উৎপাদন ও সরবরাহ- এই তিনটি পর্যায়ে অন্তত ১৬টি ধাপে দুর্নীতি চিহ্নিত করতে পেরেছে তারা।
“পণ্যের মান, পরিমাণ ও কমপ্লায়েন্সের ঘাটতি ধামাচাপা দেওয়া হয় ঘুষের মাধ্যমে।"
টিআইবির এই প্রতিবেদন তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে বলে মনে করছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর।
কারওয়ানবাজারে বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের মনে হয়, টিআইবিকে গবেষণার পদ্ধতি আরও ভালোভাবে জানতে হবে। কারণ ৭৪ জনের সাক্ষাৎকার নিয়ে লাখ লাখ শ্রমিক, উদ্যোক্তা ও ক্রেতার এই শিল্পকে নিয়ে ঢালাও মন্তব্য করা কখনও শিল্পের জন্য সহায়ক নয়।”
আন্তর্জাতিক মান রক্ষা করেই বিদেশে তৈরি পোশাক পণ্য রপ্তানি করা হয় বলে জানান তিনি।
“প্রতিবেদন অনুযায়ী সবাইকে ঘুষ দিচ্ছি নিম্নমানের পণ্য কেনার জন্য। যেখানে আমরা অ্যাকর্ড অ্যালায়েন্স নিয়ে কাজ করছি, সেখানে ঘুষ দিয়ে ক্রেতাদের ম্যানেজ করছি-এটা কতটুকু যুক্তিযুক্ত? আমরা আন্তর্জাতিক মান রক্ষা করে পণ্য রপ্তানি করছি,” বলেন তিনি।
টিআইবির প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বিজিএমইএ সভাপতি বলেন, “আমাদের জানা মতে, টিআইবি গবেষণার জন্য বিদেশ থেকে অর্থ পায়। এই অর্থ তারা গবেষণার কাজে ব্যবহার করছেন নাকি শিল্পকে অশান্ত করা, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অভিপ্রায় নিয়ে কাজ করছেন?
“এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রদর্শন করার সাহস তারা কোথা থেকে পেল তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট সকল মহলকে অনুরোধ জানাচ্ছি।”
টিআইবির বিরুদ্ধে বিজিএমইএ আইনি কোনো পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে সিদ্দিকুর রহমান বলেন, “এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের অন্যান্য সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।”
সম্মেলনের লিখিত বক্তব্যে বিজিএমইএ সভাপতি বলেন, বর্তমানে পোশাক খাত ক্রেতাজোট অ্যাকর্ড, অ্যালায়েন্স ও ন্যাপের সঙ্গে সমন্বয় করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের জন্য কাজ করছে। চলতি মাসের ২৮ তারিখে ঢাকায় সাসটেইনেবিলিটি কম্প্যাক্টের দ্বিতীয় পর্যালোচনা হবে।
এমন সময়ে এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ কখনোই শিল্প ও দেশের জন্য সহায়ক নয় মন্তব্য করে সিদ্দিকুর রহমান বলেন, এই প্রতিবেদনে বাংলাদেশের পোশাক খাতসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ক্রেতা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক মানের থার্ড পার্টি অডিটরসহ বিশ্বমানের স্টেকহোল্ডারদের ইন্টিগ্রিটি প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
টিআইবি যে ১৬টি ধাপে দুর্নীতির তথ্য পাওয়ার কথা বলেছে, সেগুলো হলো- ব্র্যান্ড/আমদানিকারকের সঙ্গে স্থানীয় এজেন্ট/বায়িং হাউজের যোগাযোগ, কমপ্লায়েন্ট কারখানার সঙ্গে যোগাযোগ, কার্যাদেশ প্রদান, মূল্য নির্ধারণ/ দর কষাকষি, স্যাম্পল করার নির্দেশ, মাস্টার এলসি-ব্যাক টু ব্যাক এলসি খোলা, উৎপাদনের কাঁচামাল/দ্রব্য ক্রয়/আমদানি, পণ্যের মান ও কমপ্লায়েন্স পরিদর্শন, প্রাক জাহাজীকরণ পর্যায়ের মান পরিদর্শন ও জাহাজীকরণ (এফওবি/সিএ্যান্ডএফ)।
সিদ্দিকুর রহমান বলেন, “প্রতিবেদনে খোলা বাজারে বিক্রির প্রসঙ্গটি এসেছে। সুস্থ মস্তিষ্কে এমন কোনো ব্যক্তি আছেন কি যিনি বেশি দামে কিনে কম দামে বিক্রি করেন?"
প্রতিবেদনে আসা ক্রেতার অনুমোদন ছাড়া সাব কন্ট্রাক্টের বিষয়ে তিনি বলেন, “সাব কন্ট্রাক্টের নিয়ম হচ্ছে ক্রেতার কাছ থেকে অনুমোদন নিতে হবে এবং উভয় কারখানাকে কমপ্লায়েন্ট হতে হবে। আজকের দিনে কোনো কারখানা নন-কমপ্লায়েন্ট কারখানাকে দিয়ে সাব কন্ট্রাক্ট করালে কারখানাটি ব্ল্যাক লিস্টেড হবে।"
আরেক প্রশ্নের জবাবে তৈরি পোশাক শিল্পকে ‘অনেক বড় খাত’ অভিহিত করে এতে কোথাও কোথাও সমন্বয়হীনতা বা নিয়ম পরিপালনে কম-বেশি হেরফের হতে পারে বলে স্বীকার করেন সিদ্দিকুর।
অনিয়ম পেলে বিজিএমইএ ব্যবস্থা নিয়ে থাকে জানিয়ে তিনি বলেন, “সেটা এইভাবে প্রচার করার বিষয় না। আমরা (বিজিএমইএ) অনিয়মের বিরুদ্ধে সব সময় ব্যবস্থা নিই।”
