ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা কমছে
ভোজ্যতেলের দাম শনিবার থেকে লিটারপ্রতি ৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদনকারী সমিতির সভাপতি ফজলুর রহমান এ ঘোষণা দেন।
‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটি’র ৪র্থ সভায় ফজলুর রহমান জানান, বাণিজ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে ভোজ্যতেলের দাম কমানোর যে সিদ্ধান্ত সমিতি নিয়েছে, তা ঘোষণা দিতে চান তিনি।
সুযোগ দেওয়ার পর তিনি বলেন, “সব ধরনের ভোজ্যতেলের দাম লিটারে চার টাকা করে কমানোর সিদ্ধান্ত ঘোষণা করছি। আগামী শনিবার থেকে বাজারে এটা কার্যকর হবে।”
এ সময় বাণিজ্যমন্ত্রী আরো এক টাকা ছাড় দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালে সমিতির উপস্থিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে লিটারপ্রতি মোট পাঁচ টাকা কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন ফজলুর রহমান।
পরে তোফায়েল আহমেদ বলেন, “যেহেতু আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমেছে, তাই বাংলাদেশের বাজার নিয়েও আমি তাদেরকে অনুরোধ করেছিলাম।
“সকল প্রকার ভোজ্য তেলের ক্ষেত্রে শনিবার থেকে এটা (পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত) কার্যকর হবে।”
সভায় ভিটামিনের লোগোর লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে তেল সরবরাহে সমস্যার কথা তুলে ধরেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর।
“আমরা ভিটামিন নিয়ে কিছু বিব্রতকর অবস্থায় আছি। ভিটামিনের লোগোর লাইসেন্স পেতে ৩-৪ মাস অপেক্ষা করতে হয়। ফি দেওয়া, প্রক্রিয়া শেষ করা, সব কিছু করেও আমরা পাচ্ছি না। আমরা বাজারে তেল সরবরাহ করতে পারছি না, যার কারণে বাজারে একটা সঙ্কট সৃষ্টি হচ্ছে। এর জন্য আবার মিল রিফাইনারি মালিকরা বিব্রতকর অবস্থায় পড়বে।”
লোগোর লাইসেন্স না থাকলে মিল মালিকদের জরিমানা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা এটা পাওয়ার জন্য তিন মাস আগে আবেদন করেছি, ফি দিয়েছি, স্যাম্পল দিয়েছি। ওদের কবে সভা হবে, সেই সভায় সিদ্ধান্ত হবে, এর জন্য আমাদেরকে জেলে যেতে হবে- এটা খুবই দুঃখজনক ঘটনা।
“জরিমানা আবার ২৫ লাখ টাকা। ২৫ লাখ টাকাতো চাট্টিখানি কথা না। শনিবারে জরিমানা করল, শনিবারতো ২৫ লাখ টাকা নিয়ে বসে থাকি না। তখন আমাদের লোক জেলখানায় যাবে।
“বিএসটিআই লোগোর লাইসেন্স আমাদেরকে না দিলে কি করতে পারি। ম্যাজিস্ট্রেটের সামনে কথাও বলতে পারি না। বললে ৫০ লাখ টাকা জরিমানা।”
অবিলম্বে এই সমস্যা সমাধানের জন্য বাণিজ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি।
জবাবে তোফায়েল বলেন, “বিষয়টা বিএসটিআইয়ের। আমি এই বিষয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলব, আপনাদেরকে নিয়ে যাব। সন্তোষজনক সমাধানে আমাদেরকে পৌঁছতে হবে।”
এসময় ‘জরুরি ভিত্তিতে ব্যবসায় সংক্রান্ত সমস্যা’ নিয়ে আলোচনার জন্য ব্যবসায়ী নেতাদের নিয়ে ‘ছোট একটি কমিটি’ করার প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী।
“এখানে অনেক ব্যবসায়ী নেতা আছেন, তাদের সঙ্গে আমার নিয়মিত বৈঠক হয়। আপনারা যদি অনুমতি দেন, তাহলে একটা ছোট কমিটি করব, যাদেরকে নিয়ে সব সময় বসা যাবে; আলোচনা করা যাবে।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন ও এ কে আজাদ ও নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
