২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিয়ম ভেঙে’ বাপ্পীর কোম্পানিকে ছাড় এবি ব্যাংকের

এবি ব্যাংকে চ্যানেল নাইনের মালিক এনায়েতুর রহমান বাপ্পীর একটি কোম্পানির ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানো এবং মেয়াদোত্তীর্ণ ঋণকে নিয়মিত দেখানোয় অনিয়ম পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 12:30 AM

Updated : 20 Aug 2022, 11:35 AM

পরিদর্শনে বিলট্রেড ফয়েলস লিমিটেডের ঋণে এই ছাড়ের বিষয়টি জানতে পেরে এবি (আরব বাংলাদেশ) ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা চেয়েছে। 

নিয়মবহির্ভূতভাবে এই ছাড় দেওয়ার ক্ষেত্রে ব্যাংক ও ঋণ গ্রাহকের মধ্যে ‘যোগসাজশ’ থাকতে পারে বলেও কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

তবে বিলট্রেড ফয়েলস লিমিটেডের পরিচালক বাপ্পী অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

ওষুধ ও সিগারেটের ফয়েলস তৈরির কারখানা বিলট্রেডকে এবি ব্যাংক ২০১৩ সাল থেকে ২০১৫ সালের মে পর্যন্ত মূলধনী যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের আমদানির ক্ষেত্রে কয়েক ধাপে ঋণ দেয়।

২০১২ সালের ২১ নভেম্বর নিবন্ধন পাওয়ার পর থেকে ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নির্মাণাধীন রয়েছে এই প্রতিষ্ঠান।

বাংলাদেশ ব্যাংকের দুটি পরিদর্শন দল বিলট্রেড ফয়েলস ও এবি ব্যাংকের কারওয়ান বাজার শাখা পরিদর্শন করে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও ঋণ বিতরণের যথার্থতা যাচাই করেছে।

তারা দেখেছে, বিলট্রেডের কয়েকটি ঋণ মেয়াদ শেষে অপরিশোধিত থাকলেও তা পরিশোধের মেয়াদ বাড়ায় বেসরকারি এই ব্যাংক কর্তৃপক্ষ।

এ ধরনের ঋণ পরিশোধের মেয়াদ এক বছর বাড়াতে বাংলাদেশ ব্যাংকের এবং এক বছরের বেশি সময় বাড়াতে বিনিয়োগ বোর্ডের অনুমোদন নেওয়ার বিধান থাকলেও বিলট্রেড ফয়েলসের বেলায় তা এবি ব্যাংক করেনি।

২০১৪ সালের মাঝামাঝিতে এবি ব্যাংকের চট্টগ্রাম অফশোর ব্যাংকিং ইউনিট থেকে বিলট্রেড ফয়েলস মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য বৈদেশিক মুদ্রায় এক কোটি ডলার বা প্রায় ৮০ কোটি টাকা ঋণ নেয়।

এর আগে ২০১৩ সালের ২ ডিসেম্বর কোম্পানিটি স্টিল প্লেট আমদানির জন্য এবি ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে ৭০ লাখ ডলার নেয়। ৬ শতাংশ সুদ হারে ২০১৪ সালের ১ ডিসেম্বরের মধ্যে এই ঋণ পরিশোধের কথা থাকলেও বিলট্রেড তা পরিশোধ করেনি।

এছাড়া মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে ২০১৫ সালের ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসে যে অর্থ নিয়েছিল, তা পরিশোধের সময়ও পার হয়েছে ছয় মাস আগে।

এবি ব্যাংক কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই এই ঋণ পরিশোধের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে বলে পরিদর্শন দল উদ্ঘাটন করেছে।

Image
.

.

তারা আরও দেখেছে, গত ছয় মাস ধরে ঋণটি মেয়াদোত্তীর্ণ হলেও এবি ব্যাংক একে নিয়মিত দেখাচ্ছে এবং এর বিপরীতে কোনো ধরনের নিরাপত্তা সঞ্চিতিও (প্রভিশন) রাখছে না।

নিজের কারখানা এখনও নির্মাণাধীন থাকায় ঋণকে এখনই মেয়াদোত্তীর্ণ বলতে নারাজ বিলট্রেড ফয়েলসের পরিচালক বাপ্পী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবি ব্যাংক থেকে আমরা ১০ মিলিয়ন ডলারের ঋণ নিয়েছি। এর মধ্যে সাড়ে পাঁচ মিলিয়ন ডলারের মতো ব্যবহার করেছি। এখনই এটা মেয়াদোত্তীর্ণ বলা ঠিক হবে না। কারণ আমাদের ফ্যাক্টরি এখনও নির্মাণাধীন।

“আর আমরা তো জার্মানির কমার্স ব্যাংক থেকে ঋণ আনার অনুমোদন চেয়ে আবেদন করেছি। আশা করছি, বিনিয়োগ বোর্ডের অনুমোদন পেয়ে যাব। ওই ঋণ পেলেই এবি ব্যাংকের অর্থ পরিশোধ করা হবে। এবি ব্যাংক এখানে ব্রিজ ফাইন্যান্স করেছে।”

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল তাদের প্রতিবেদনে বলেছে, এবি ব্যাংক একটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেছে। গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই না করেই বিনিয়োগ করেছে ব্যাংক, যা ব্যাংক-গ্রাহকের যোগসাজশের সন্দেহ সৃষ্টি করে।

বিলট্রেড ফয়েলসের পরিশোধিত মূলধন পাঁচ কোটি টাকা, যার সাড়ে চার কোটি টাকাই 'শেয়ার মানি ডিপোজিট'।

শেয়ার মানি ডিপোজিটের এই অর্থ যে কোনো সময় কোম্পানির শেয়ারহোল্ডার তুলে নিতে পারেন বলে একে ইক্যুইটি বা মূলধন বলা যায় না। সে হিসেবে কোম্পানিটির প্রকৃত মূলধন ৫০ লাখ টাকা। 

বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের পরিদর্শন দলটি তাদের প্রতিবেদনে বলেছে, গত বছরের ৩০ জুনের হিসেবে বিলট্রেড ফয়েলস লিমিটেডের ঋণ ও সম্পদের অনুপাত দাড়িয়েছে ৯৫.৫৪:০.৪৬; অর্থাৎ বিলট্রেড ফয়েলস তার ৪৬ পয়সা সম্পদের বিপরীতে ৯৯ টাকা ৫৪ পয়সা ঋণ নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়মাচার (প্রুডেনশিয়াল গাইডলাইনস) অনুযায়ী, ঋণ সম্পদের অনুপাত সর্বোচ্চ ৭০:৩০ হতে পারে; অর্থাৎ কোনো কোম্পানির ৩০ পয়সা সম্পদ থাকলে ব্যাংক সেখানে সর্বোচ্চ ৭০ পয়সা ঋণ দিতে পারে।

সেই হিসেবে বিলট্রেড ফয়েলসে ৪৬ পয়সার বিপরীতে ১ টাকা ৭ পয়সা ঋণ দেওয়া যায়। কিন্তু এবি ব্যাংক দিয়েছে ৯৯ টাকা ৫৪ পয়সা।

যদি কোম্পানির মূলধন থেকে শেয়ার মানি ডিপোজিট বাদ দেওয়া হয়, তাহলে সম্পদ ঋণাত্মক হবে।

এজন্য পরিদর্শন দল এই শেয়ার মানি ডিপোজিটকে শেয়ারে রূপান্তরের পরামর্শ দিয়েছে। একইসঙ্গে মূলধন বাড়িয়ে ঋণ সম্পদ অনুপাদ ৭০:৩০ করার পরামর্শ দিয়েছে। নতুবা ব্যাংকের ঝুঁকি থেকেই যাবে।

তবে বিলট্রেড ফয়েলস তাদের পরিশোধিত মূলধন বাড়িয়েছে বলে দাবি করেন কোম্পানির পরিচালক বাপ্পী।

Image
এনায়েতুর রহমান বাপ্পী

এনায়েতুর রহমান বাপ্পী

তিনি বলেন, “এর আগে যখন হিসাব করা হয়, তখন আমাদের ল্যান্ড ও ভবনের ভ্যালুয়েশন করা ছিল না। এ কারণে পরিশোধিত মূলধন কম দেখা গেছে, যাতে আমাদের ঋণ-সম্পদের অনুপাতও কম হয়েছে। এখন ল্যান্ড ও বিল্ডিং ভ্যালুয়েশন করার পর ডেট-ইক্যুইটি রেশিও সেভেন্টি-থার্টি হয়ে গেছে।”

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের দলটি বলছে, কোম্পানিটিকে ঋণ দেওয়ার অনেকগুলো আবশ্যক নিয়ম পরিপালন করেনি এবি ব্যাংক। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক ও বিনিয়োগ বোর্ডের অনুমোদন নেয়নি, যা প্রচলিত বিধানের পরিপন্থি।

এই ঋণ অর্থ কোম্পানিটি প্রকৃত কাজে ব্যবহার না করে অন্য ঋণ পরিশোধের কাজে ব্যবহার করেছে বলেও পরিদর্শন প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

২০১৪ সালের ২১ জুলাই বিনিয়োগ বোর্ডের বৈদেশিক ঋণ বাছাই কমিটি বিলট্রেড ফয়েলসকে এবি ব্যাংক থেকে ১ কোটি ডলার এবং জার্মানির কমার্স ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ইউরো ঋণ নেওয়ার অনুমোদন দেয়।

সাধারণত এসব ঋণ অনুমোদনের দিন থেকে ২৪ মাসের মধ্যে গ্রহণ করে ব্যবহার করার নিয়ম রয়েছে। এর মধ্যে এবি ব্যাংকের ঋণ নিলেও প্রতিষ্ঠানটি জার্মান ব্যাংকের ঋণ এখনও গ্রহণ করতে পারেনি।

এখন এই ঋণ গ্রহণের জন্য বিনিয়োগ বোর্ডে সময় বাড়ানোর আবেদন করেছে বিলট্রেড। বিনিয়োগ বোর্ডের বৈদেশিক ঋণ বাছাই কমিটিতে এই আবেদন করা হয়, যে কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিষয়টি নিয়ে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরীর সঙ্গে কথা বলতে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। এসএমএস করেও তার সাড়া পাওয়া যায়নি।

তবে এবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের চিঠির জবাবে বলেছে, “বায়ার্স ক্রেডিট একটি নতুন ধরনের ঋণ প্রকল্প এবং বাংলাদেশের জন্য একটি নতুন ব্যাংকিং ধারণা। এ ধরনের ঋণ প্রকল্প একটি বহুপাক্ষিক ব্যবস্থা-যেখানে ঋণ দাতা প্রতিষ্ঠান, বীমা প্রতিষ্ঠান ও একটি স্থানীয় ব্যাংক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এবি ব্যাংক এখানে স্থানীয় ব্যাংকের ভূমিকা পালন করছে মাত্র।

“ইতোমধ্যে আমদানিকারক বিনিয়োগ বোর্ডের কাছে বিদেশি প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে, যা বিনিয়োগ বোর্ডের সুবিবেচনায় রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে ঋণটি সমন্বয় করা যাবে বলে আশা করছি।”