মাল্টিপ্লান সেন্টারে আইসিটি মেলা
ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে শুরু হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্যের ছয় দিনব্যাপী মেলা।
‘ভিশন টু সার্ভ গো উইথ আইসিটি’ স্লোগান সামনে রেখে মাল্টিপ্ল্যান সেন্টার হিসেবেও পরিচিত দেশের অন্যতম এই কম্পিউটার মার্কেটে সপ্তম বারের মতো ‘ডিজিটাল আইসিটি ফেয়ার’ শীর্ষক এই মেলা শুরু হবে আগামী ২০ জানুয়ারি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এ মেলায় সাড়ে ছয়শ’র বেশি প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। এসব পণ্যে কিনলে মিলবে বিশেষ ছাড় ও উপহার।
রোববার অনুষ্ঠানিকভাবে মেলার লোগো উন্মোচন ও মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে সমিতি।
মেলার আহ্বায়ক ও সমিতির সভাপতি তৌফিক এহ্সোন বলেন, প্রতিবারের চেয়ে এবার আরও বড় পরিসরে ও জাঁকজমকভাবে মেলা আয়োজন করা হচ্ছে।
“দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিয়ে বহুল প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিয়মিত এ মেলা আয়োজন করা হয়।”
মেলার সদস্য সচিব ও সি অ্যান্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের মালিক ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে। থাকবে প্রযুক্তি পণ্যের ওপর আকর্ষণীয় মূল্যছাড়।
মেলায় প্রতিদিন র্যাফেল ড্র’র মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এন্ট্রি পাশের সঙ্গে ফ্রি মুভি দেখা ও ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ থাকবে। এছাড়া থাকবে এছাড়া রক্তদান কর্মসূচি, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসবসহ নানা আয়োজন।
এবারের মেলার স্পন্সর এইচপি, আসুস, স্যামসাং ও লেনোভো।
