দাম বেড়েছে মসুর ডালের
শীতে সবজির সরবরাহ বেশি থাকায় মসুর ডালের দাম কম থাকার কথা থাকলেও বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে না। এদিকে সয়াবিন তেল এবং চিনির দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। তবে পেঁয়াজ পাওয়া যাচ্ছে এক বছরের সবেচেয়ে কম দামে।
ব্যবসায়ীরা বলছেন, চাষীদের কাছে মসুর ডালের মজুদ শেষ; ব্যবসায়ীদের মজুদও শেষের পথে। আর আন্তর্জাতিক বাজারেও দাম বাড়তি। তাই বাড়ছে মসুর ডালের দাম। মাঘ মাসের শেষ দিকে নতুন মৌসুমের ডাল বাজারে আসলে দামও কমে আসবে।
এমন পরিস্থিতিতে চাহিদা বেশি থাকায় মসুর ডাল আমদানির উদ্যোগও নিয়েছে রাষ্টায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে সেই ডাল খুচরা বাজারে আসতে লাগতে পারে আরও অন্তত ১৫ দিন।
টিসিবির হিসাবে দেখা গেছে, ৮ জানুয়ারি প্রতি কেজি মুসর ডাল মানভেদে ৯৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে এই ডালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। গত বছর এই দিন তা বিক্রি হয় ৮৫ থেকে ১১৫ টাকায়।
সরকারি হিসাবে গত বছরের তুলনায় বেড়েছে ছোলার ডালের দামও। তবে মুগডাল ও বুটের ডালের (অ্যাঙ্কর) দাম প্রায় স্থিতিশীল রয়েছে। শুক্রবার প্রতি কেজি ছোলার ডাল বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকায়; এক বছর আগে যার দাম ছিল ৫০-৫৫ টাকা। অবশ্য গত সপ্তাহেও প্রতি কেজি ছোলার ডাল বিক্রি হয় ৭০-৭৫ টাকায়।
এদিন প্রতি কেজি মুগ ডাল বিক্রি হয়েছে এক বছর আগের দাম ১২০ টাকায়ই। আর বুটের ডাল বিক্রি হয় ৪০ থেকে ৪৬ টাকায়, গত বছর যা ছিল ৪৪ থেকে ৪৬ টাকা।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ছোলার ডাল সরকারি হিসেবের চেয়ে ১০ টাকা বেশিতে এবং মুগ ডাল ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, মসুর ডাল ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যার দাম ছিল ১২৫ থেকে ১৩০ টাকা।
প্রতি কেজি মুগ ডাল মানভেদে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায় এবং ছোলার ডাল ৮০ থেকে ৮৫ টাকায় ও বুটের ডাল (অ্যাঙ্কর) ৪০ টাকায়।
তবে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় এই পণ্যর দাম এখন এক বছরের মধ্যে সবচেয়ে কম। শুক্রবার ২৫ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ পাওয়া গেছে; গত সপ্তাহে যার দাম ছিল ৩০ টাকা। আর এক বছর আগে বিক্রি হয় ৪০ টাকায়। আলুর দামও কমে প্রতি কেজি ২২ থেকে ২৫ টাকায় এসেছে; গত সপ্তাহে বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকায়।
৩৫ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে এক কেচি কাঁচা মরিচ; গত সপ্তাহ যা ছিল ৫০ টাকা।
এছাড়া শীতের সবজি ফুল কপি, বাঁধা কপি, শিম, লাউ, শালগম, টমেটো, মূলা, গাজর ও শশার দামে গত সপ্তাহের তুলনায় বিশেষ কোনো পার্থক্য হয়নি।
মসুর ডালের দাম বাড়ার কারণ সম্পর্কে বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশি মসুর ডালের মজুদ শেষ হওয়ায় আমদানির চাপ বেড়েছে। আন্তর্জাতিক বাজারেও দাম বাড়তি। এক মাস আগেও প্রতি টন মসুর ডাল ৭৫০ থেকে ৮০০ ডলারে আমদানি করা গেছে। এখন আরও ২০০ থেকে ২৫০ ডলার লাগছে।”
মাঘ মাসের শেষ দিকে (ফেব্রুয়ারির মাঝামাঝি) নতুন ডাল বাজারে আসবে জানিয়ে তিনি বলেন, তার আগে দাম কমার তেমন সম্ভাবনা নেই।
মসুর ডালের দাম বাড়ার কারণে টিসিবি তা আমদানির উদ্যোগ নিয়েছে জানিয়ে সংস্থাটির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে টিসিবির পণ্য তালিকায় মসুর ডাল নেই। এরই মধ্যে দুই হাজার টন ডাল আমদানির অর্ডার দেওয়া হয়েছে, যা দেশে আসতে আরও ১০ দিন লাগতে পারে। আর গুদামজাত ও অন্যান্য কাজ শেষে এ ডাল বাজারে আসতে লাগবে আরও পাঁচ-ছয় দিন।”
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারা বছর দেশে মসুর ডালের চাহিদা তিন লাখ ৭৫ হাজার টন। কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে মসুর ডাল উৎপাদিত হয় দুই লাখ ২৪ হাজার টন। বাকি চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করা হয়।
সয়াবিন ও চিনির দাম
ব্যবসায়ীরা জানিয়েছেন, আমদানি শুল্ক বাড়ায় চিনির দাম এবং শীতে চাহিদা বাড়ায় সয়াবিন তেলের দাম বাড়ছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন ৮৮ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহে সর্বোচ্চ ৮৮ টাকায় বিক্রি হয়। এদিন চিনির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে এক টাকা বেড়ে ৪৭ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী ভুট্টো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিল গেইটে চাহিদা অনুযায়ী ভোজ্যতেল পাওয়া যাচ্ছে না; আবার দামও বেড়েছে। যে কারণে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেড়েছে।”
পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির নেতা ভুট্টো চিনির ব্যবসাও করেন।
তিনি বলেন, “সরকার যে হারে আমদানি শুল্ক বাড়িয়েছে, চিনির বাজার মূল্য এখনও সেই হারে বাড়েনি।”
