ফোরজি’র নিলাম এ বছরই
সরকার চলতি বছরের মধ্যেই মোবাইল ফোনের চতুর্থ প্রজন্মের (ফোরজি) তরঙ্গ নিলাম করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সরকারের দুই বছরে এই বিভাগের অর্জন নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নতুন বছরে ফোরজি চালু করতে চাই। এজন্য প্রাথমিক কাজ শেষ করা হয়েছে।”
কত ব্যান্ডের তরঙ্গ ফোরজির জন্য নিলাম করা হচ্ছে জানতে চাইলে তারানা জানান, নিলামের জন্য খসড়া চূড়ান্ত করা হচ্ছে।
“এই নিলাম সব অপারেটরদের জন্যই আয়োজন করা হবে। রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক যেমন নিলামের আগেই থ্রিজি সেবা শুরু করতে পেরেছিল, এবার তেমন হচ্ছে না।”
২০১৩ সালের ৮ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো থ্রিজি তরঙ্গের (স্পেকট্রাম) নিলাম হয়। তাতে অংশ নেয় গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল। টেলিটককে তার আগে থেকেই থ্রিজি সেবা চালুর অনুমতি দেওয়া হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, যে সব অপারেটরের হাতে বর্তমানে বেশি তরঙ্গ রয়েছে তারা ফোরজি নিলামের প্রথম বিডে অংশ নিতে পারবে না। অপারেটরগুলোর মধ্যে প্রতিযোগিতার পরিবেশ ও তরঙ্গ বরাদ্দ যাতে ঠিক থাকে সেজন্য এ ব্যবস্থা।
টুজি ও থ্রিজি মিলিয়ে গ্রামীণফোনের হাতে মোট ৩২ মেগাহার্টজ তরঙ্গ রয়েছে। এছাড়া বাংলালিংক ২০ মেগাহার্টজ, রবির ১৯ দশমিক ৮০ মেগাহার্টজ ও এয়ারটেলের ২০ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে সেবা দিচ্ছে। টেলিটকের হাতে রয়েছে ২৫ দশমিক ২০ মেগাহার্টজ তরঙ্গ।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হাতে থাকা অব্যহৃত টুজি ও থ্রিজি তরঙ্গ বরাদ্দের জন্য গতবছর নিলামের সময় ঠিক করা হলেও পরে অপারেটরদের দাবির মুখে তা পিছিয়ে দেওয়া হয়।
এ দুই নিলামের সঙ্গেই ফোরজি নিলাম হবে কি না জানতে চাইলে সচিব বলেন, “একসাথেই হওয়ার কথা রয়েছে।”
