অবৈধ ইন্টারনেট সেবাদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিটিআরসি
লাইসেন্স ছাড়া ইন্টারনেট ও সাইবার ক্যাফে সেবা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
আইন অনুযায়ী, সাইবার ক্যাফে পরিচালনা, ইন্টারনেট সেবা প্রদানসহ যে কোনো টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য বিটিআরসির লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক।
লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে ব্যান্ডউইডথ সরবরাহ ও সংযোগ প্রদান করা এবং সেসব প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সেবা নেওয়াও দণ্ডনীয় অপরাধ।
লাইসেন্স ছাড়া ইন্টারনেট ও সাইবার ক্যাফে সেবাদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, সেবা প্রদান, সেবা গ্রহণ ও ব্যান্ডউডথ দেওয়া থেকে সংশ্লিদের বিরত থাকতে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।
বিএসসিসিএল, আইআইজি, আইটিসি, বিডব্লিএ, এনটিটিএন ও আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে।এ ধরনের অবৈধ কার্যক্রমে সহায়তার দায়ে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেবে বিটিআরসি।
লাইসেন্স ছাড়া টেলিযোগাযোগ যন্ত্রপাতি স্থাপনসহ সেবা দেওয়ার অপরাধে অনধিক ১০ বছর কারাদণ্ড বা অনধিক ৩০০ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হওয়ার বিধান রয়েছে।
একাধিকবার বিজ্ঞপ্তি দেওয়াসহ অবৈধ ইন্টারনেট এবং সাইবার ক্যাফে পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযান পরিচালনা করেছে বিটিআরসি।
আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবিলম্বে বিটিআরসি থেকে সাইবার ক্যাফেসহ ইন্টারনেট সেবা দিতে লাইসেন্স নিতে বলা হয়েছে।
