২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৩ দিনের স্মার্টফোন মেলা শুরু বৃহস্পতিবার

প্রযুক্তিপণ্যের প্রসার ঘটাতে সপ্তাহের শেষ দিন রাজধানীতে স্মার্টফোন ও ট্যাবের প্রদর্শনী শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 07:35 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন তিন দিনের ‘গ্রামীণফোন স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো’ চলবে।

সোমবার এক সংবাদ সম্মেলন করে মেলার বিষয়ে গণমাধ্যমকে জানায় আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার।

গ্রামীণফোনের সহায়তায় স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের পঞ্চম প্রদর্শনীতে সহযোগী থাকছে মোবাইল হ্যান্ডসেট কোম্পানি এলিট, হুয়াওয়ে, স্যামসাং ও সিম্ফনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি ও গ্যাজেট গ্যাং সেভেনসহ বিভিন্ন ব্র্যান্ড এতে অংশ নেবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে বলে জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলন গ্রামীণফোনের কমিউনেকশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর সৈয়দ তালাত কামাল বলেন, জিপির ‘ইন্টারনেট ফর অল’ শিরোনামের একটি প্রোগ্রাম আছে। কিন্তু মানসম্পন্ন ডিভাইস ছাড়া এই প্রচারণা সফল করা সম্ভব নয়।

এলিট টেকনোলজিস লিমিটেডের মার্কেটিং ম্যানেজার এম. রাশেদ মাহমুদ অভি বলেন, মেলায় দেশের সর্বপ্রথম সম্পূর্ণ বাংলা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসছে এলিট। এটি দেশের স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা রাখবে।

মেলায় হ্যান্ডসেটের সঙ্গে বিশেষ বিশেষ গিফট বক্স দেওয়ার ঘোষণা দেন হুয়াওয়ের মার্কেটিং ম্যানেজার বার্নার্ড ওয়াং।

স্যামসাং ইলেক্ট্রনিক্সের বিটিএল অ্যান্ড ডিজিটাল (মোবাইল) বিভাগের ম্যানেজার মাহজাবিন ফেরদৌস বলেন, স্যামসাং তার ডিভাইসকে একটি ‘ভার্চুয়াল সলিউশন’ হিসাবে গ্রাহকের কাছে হাজির করতে চায়; প্রতিবছর নতুন কিছু দেওয়ার চেষ্টা করে।

এবারের মেলায়ও বেশ কিছু চমক থাকছে বলে জানান তিনি।

সিম্ফনি মোবাইলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, দেশের মোট মোবাইল ব্যবহারকারীর মধ্যে ২৩ শতাংশ এখন এন্ড্রয়েড ফোন ব্যবহার করে।

মেলায় একটি মেগা প্যাভিলিয়ন, ৮টি পেভিলিয়ন, ৪টি মিনি প্যাভিলিয়ন, ৮টি স্টল থাকছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।