সোনালী ব্যাংকের সার্ভার বিকল, গ্রাহক-ভোগান্তি
সার্ভার বিকল হয়ে পড়ায় প্রায় তিন দিন ধরে গ্রাহকদের কোনো ধরনের অনলাইন সেবা দিতে পারছে না রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক।
এই ব্যাংকটির অনলাইন সেবার আওতায় রয়েছে ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, রেমিটেন্স ও এটিএম বুথ সেবা।
৫০২টি শাখার গ্রাহকরা এই ভোগান্তিতে রয়েছেন বলে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।
এ বিষয়ে জানার জন্য তথ্য-প্রযুক্তি বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
পরে আইটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক সরদার নূরুল আমিনের সঙ্গে কথা বলতে তার ব্যক্তিগত সহকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নূরুল আমিন সার্ভার সমস্যা নিয়ে কথা বলতে ভেন্ডর অফিসে গেছেন।
অবশ্য আইটি বিভাগের কর্মকর্তা খলিলুর রহমান বলেছেন, “সার্ভারে যে সমস্যা হয়েছিল তা ঠিক হয়ে গেছে।”
ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) আছে এমন ৫০২টি শাখার অনলাইন কার্যক্রম পরিচালিত হয় সোনালী পোলারিশ ফিন্যান্সিয়াল টেকনোলজি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে।
ওই প্রতিষ্ঠানটির নেটওয়ার্কিং সার্ভার বিকল হয়ে পড়ায় সার্ভারের অধীনে যেসব শাখা রয়েছে সেগুলোর গ্রাহকরা কোনো অনলাইন সুবিধা পাচ্ছেন না।
৫০২টি শাখা গত দুই দিন ধরে সার্ভারে লগ-ইন করতে পারেনি বলেও জানান কয়েকজন কর্মকর্তা; বন্ধ রয়েছে আন্তঃব্যাংকিং লেনদেনও।
সোনালী পোলারিশ ফিন্যান্সিয়াল টেকনোলজি লিমিটেড সোনালী ব্যাংক ও ভারতের পোলারিশ নামে একটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গঠিত একটি কোম্পানি।
সোনালী ব্যাংকের ৭৫টি নিজস্ব এটিএম বুথ রয়েছে। আর কিউক্যাশ ও ভিসা এর নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন সোনালী ব্যাংকের গ্রাহকরা।
আশরাফুল আজিম নামে একজন গ্রাহক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত তিন দিন ধরে আমি সোনালী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছি না। ব্যাংকটির লিংক বুথ থেকেও টাকা তোলা সম্ভব হয়নি। পরে বাধ্য হয়ে চেক দিয়ে টাকা তুলেছি।”
