২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার

প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন থেকে ঢাকায় শুরু হচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 07:39 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করবেন বলে বৃহস্পতিবার আগারগাঁওয়ে মেলাপ্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান।

তিনি বলেন, এবারের মেলায় বিশ্বের পাঁচ মহাদেশ থেকে ২২টি দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশ নেবে। ৭টি দেশ নতুন করে মেলায় সম্পৃক্ত হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো বাণিজ্য মেলার আয়োজক।

গত দুটি বছর রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক শঙ্কা-ভয়ের পরিবেশে মেলা হলেও এবার পরিস্থিতি ব্যবসা বাণিজ্যের ‘অনুকূলে’ হওয়ায় রেকর্ড পরিমাণ বেচা-বিক্রির আশা করছেন বাণিজ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। বড়রা ৩০ টাকায় এবং ছোটরা ২০ টাকায় টিকিট কিনে মেলায় ঢুকতে পারবেন।

তোফায়েল আশা করছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার মেলা অনেক বেশি আকর্ষণীয় হবে।

প্রতিদিন অন্তত একলাখ দর্শনার্থীর উপস্থিতির আশা করছেন তিনি। রপ্তানি আদেশ অন্য বছরগুলোর সব রেকর্ড ছেড়ে যাবে বলে তিনি আশাবাদী।

এর আগে ২০১০ সালের মেলায় ২২ কোটি ৮৬ লাখ টাকা, ২০১১ সালে ২৫ কোটি, ২০১২ সালে ৪৩ কোটি ১৮ লাখ, ২০১৩ সালে ১৫৭ কোটি, ২০১৪ সালে ৮০ কোটি এবং ২০১৫ সালে ৮৫ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গিয়েছিল।

নিরাপত্তা

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে এবার একই সঙ্গে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি মেলা কর্তৃপক্ষ নিযুক্ত বেসরকারি নিরাপত্তা সংস্থার লোক নিয়োজিত থাকবে।

দর্শনার্থীদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। এছাড়া অগ্নি-দুর্ঘটনা এড়াতে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা ও মেলার চারপাশে ১০০টি সিসি ক্যামেরা থাকছে।

মেলায় যা থাকছে

৩১ দশমিক ৫৩ একর আয়তনের মাঠে এবার মেলায় দেশ-বিদেশি, ছোট বড় মিলিয়ে মোট ৫৫৩টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬টি ছোট-বড় স্টল ও প্যাভিলিয়ন।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই এফবিসিসিআই ও ইপিবি লটারির মাধ্যমে মেলার স্টলগুলো বরাদ্দ দিয়েছে।

Image
বাণিজ্য মেলার তোরণে রং করছেন শ্রমিকরা।

বাণিজ্য মেলার তোরণে রং করছেন শ্রমিকরা।

এবারের মেলায় ৬০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ১০টি জেনারেল প্যাভিলিয়ন, ৩টি রিজার্ভ প্যাভিলিয়ন, ২৭৫টি সাধারণ স্টল, ২৫টি ফুড স্টল, ৫টি রেস্টুরেন্ট থাকছে।

এছাড়া নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে তুলে ধরতে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ইকোপার্ক, ই-শপ, ই-পার্ক, ৫২টি টয়লেট, মসজিদ, তিনটি স্থানে ৭৭০টি গাড়ির পার্কিং, মাদার কেয়ার সেন্টার ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকছে।

এবারের মেলায় নতুন করে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে- মরিশাস, ঘানা, জাপান, নেপাল, হংকং, মরক্কো ও ভুটান।

এছাড়া রয়েছে ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও আরব আমিরাত।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, “আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে দেশি-বিদেশি পণ্যের সঙ্গে ভোক্তাদের পরিচিত হওয়ার সুযোগ বাড়ে। সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদকদের মানসম্মত পণ্য উৎপাদনে উৎসাহ জোগায়।”

পূর্বাচলে যাবে বাণিজ্যমেলা

২০ বছরেরও বেশি সময় ধরে আগারগাঁওয়ে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে এলেও ২০১৮ সালে তা স্থায়ীভাবে পূর্বাচল এলাকায় নিয়ে যাওয়া হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, “প্রতিবছর মেলা উপলক্ষে এখানে অনেক স্থাপনা নির্মাণ করতে হয়, অনেক টাকা খরচ হয়ে যায়। একমাস পর এগুলো আবার ভেঙেও ফেলতে হয়।”

চীনের আর্থিক সহায়তায় পূর্বাচলে ২০ একর জমির উপর স্থায়ীভাবে মেলার স্থাপনা নির্মাণ করা হবে। খরচের অধিকাংশ টাকায় চীন সরকারে পক্ষ থেকে দেওয়া হবে। চীনের একটি প্রতিষ্ঠান এই স্থাপনা নির্মাণ করবে।

২০১৮ সালের পর থেকে পূর্বাচলে মেলা অনুষ্ঠিত হবে বলেও জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসূ, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ উপস্থিত ছিলেন।