মাংস-মসলার দামে উৎসবের প্রভাব
শীতের মৌসুমে বিভিন্ন উৎসবের আয়োজন প্রভাব ফেলেছে কয়েকটি পণ্যের দামে।
বিশেষ করে, মুরগি-খাসির মাংসের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। মসলা ও রান্নার তেলের দামও বেড়েছে খানিকটা। অবশ্য শীতের মৌসুম হওয়ায় প্রায় সব ধরনের শাক-সবজির দাম কমেছে।
শুক্রবার ঢাকার সবচেয়ে বড় ভোগ্যপণ্যের সমারোহ কাওরান বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।
খ্রিস্টীয় বর্ষের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানগুলো এই সময়ে বেড়ে যায়।
আর এসব কারণেই গরু, খাসি, মুরগিসহ অন্যান্য মাংসের বাজার কিছুটা চড়া হয়েছে বলে মনে করেন কাওরান বাজারের মাংস বিক্রেতা মো. সুমন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত এক সপ্তাহে মুরগির চাহিদা বেশ বেড়ে গেছে। দামও কেজিতে ২০/২৫ টাকা বেড়েছে, আরও বাড়বে বলে মনে হচ্ছে।
মো. সুমন বলেন, “এক কেজি ওজনের পাকিস্তানি মুরগি ২৪০ টাকা, ফার্মের মুরগি ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহের তুলনায় বাজারের চাহিদা একটু বেশিই মনে হচ্ছে। আগামী কয়েক দিনে ফার্মের মুরগির দাম আরও বেড়ে যেতে পারে বলে আমার মনে হয়।”
একই কথা শোনা গেল খাসির মাংস বিক্রেতা সেলিম উদ্দিনের কাছে।
“চার দিকে বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানের ধুমধাম শুরু হয়েছে। এই সময়টাতে মাছ-মাংসের বাজার প্রতি বছরই একটু চড়া হয়।”
তিনি জানান, খাসির মাংস কেজিপ্রতি দেড়শ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, ভেড়ার মাংস বিক্রি হচ্ছে ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকায়।
গরুর মাংস এখনও ৩৮০ টাকা, মহিষের মাংস ৩৬০ টাকায় বিক্রি করা হলেও দাম বাড়তে পারে বলে জানান বিক্রেতা মো. আফসার।
বাজারে কিছু নতুন চাল এলেও আশানুরূপভাবে দাম কমেনি বলে মনে করছেন চাটখিল রাইস এজেন্সির স্বত্বাধিকারী বেলাল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন মওসুমের কিছু নাজির, কাটারি ও মিনিকেট চাল বাজারে এসেছে। দাম যেভাবে কমবে বলে আশা করেছিলাম অতটা কমেনি।”
নতুন নাজির কেজি ৫৬ টাকা, পুরাতন নাজির ৬০ টাকা, কাটারি (সুগন্ধিযুক্ত) কেজি ৭৫ টাকা, মানভেদে ৬০ থেকে ৬৫ টাকায়ও বিক্রি হচ্ছে। মিনিকেট ৪০ থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া মসলার বাজারে আলু বোখারার দাম ৩০০ টাকা থেকে বেড়ে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে।
ঈদের আগে কারওয়ান বাজারের মসলার দোকানে ক্রেতারা। ছবি: নয়ন কুমার
অন্যান্য মসলার দাম স্থিতিশীল আছে বলে জানান তিনি।
এদিকে বিভিন্ন ধরনের খাবারের তেলের দাম বেড়েছে সপ্তাহের ব্যবধানে।
আনোয়ার হোসেন নামে একজন বিক্রেতা জানান, দুইদিন ধরে খোলা সয়াবিন তেলা বিক্রি হচ্ছে লিটারে ৫ টাকা বেড়ে ৯২ টাকায়, পামওয়েল কেজিতে ৫ টাকা বেড়ে ৫৭ টাকায়, সুপার পামওয়েল কেজিতে ৪ টাকা বেড়ে ৬১ টাকায় বিক্রি হচ্ছে।
মাংস আর মসলার বাজারে অনুষ্ঠানের উত্তাপ লাগলেও মাছ ও তরকারির বাজারে দাম কিছুটা নিম্নগামী।
৫০০ গ্রাম ইলিশের জোড়া ৫০০ থেকে ৬০০ টাকায়, তেলাপিয়া কেজি ১৩০ টাকায়, পাঙ্গাস কেজি ১২০ টাকায়, শিং মাছ কেজি ৫০০ থেকে ৬০০ টাকায়, গলদা চিংড়ি বড় আকারেরগুলো কেজি এক হাজার টাকায় এবং ছোট আকারের গুলো ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
নতুন আলুর দাম ৩০ টাকায় নেমে এসেছে। সবুজ টমেটো বিক্রি হচ্ছে কেজি মাত্র ১৫ টাকায়। পাকা টমেটো কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহ আগেও ৫০ টাকায় বিক্রি হচ্ছিল।
শিম বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। নতুন পেঁয়াজের কেজিও ৩০ টাকায় নেমেছে। এছাড়া অন্যান্য তরিতরকারি ও সবজির দরদাম বেশ স্বস্তিদায়ক।
তরকারির পাইকারি ও খুচরা বিক্রেতা মুহাইমিনুল ইসলাম বাবুল বলেন, এই সময়টাতে সবজির বাজার বেশ সস্তা যাচ্ছে। উৎপাদন প্রচুর, তাই কৃষকরা কম দামে সবজি ছেড়ে দিচ্ছেন।
এই দাম আরও কয়েক সপ্তাহ ঠিক থাকবে জানিয়ে তিনি বলেন, শীত তীব্র হলেই কেবল দাম কিছুটা বাড়ার আশঙ্কা আছে।
