চাঙ্গাভাব নিয়েই পুঁজিবাজারে সপ্তাহ শেষ
ব্যাংকের বিনিয়োগসীমা শিথিলের খবরে পুঁজিবাজারে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারও দেশের দুই পুঁজিবাজারেই বেড়েছে মূল্যসূচক ও লেনদেন।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংক নীতিমালা পরিবর্তন করে ব্যাংকের বিনিয়োগসীমা হিসাবের ক্ষেত্রে সহযোগী কোম্পানির মূলধন বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব অব্যাহত রয়েছে।
গত রোববার ব্যাংকের বিনিয়োগসীমা শিথিলের খবরের পরদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছিল। সেদিন সিএসইতে লেনদেন কিছুটা কমলেও বেড়েছিল ডিএসইতে।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বাড়ে। পরদিন দুই বাজরেই সূচক সামান্য কমে; তবে ডিএসইতে লেনদেন কমলেও বাড়ে সিএসইতে। প্রথম দিন রোববার দুই বাজারেই সূচক কমলেও বেড়েছিল লেনদেন।
রোববার পর্যন্ত ডিসেম্বর মাসে ডিএসইতে সূচক কমে ১০৯ পয়েন্ট। ব্যাংকের বিনিয়োগসীমা শিথিলের খবরের পর চার দিনে সূচক বেড়েছে ৯৭ পয়েন্ট।
বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৮ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৩৪ কোটি ৯৯ লাখ টাকা এবং ৮ দশমিক ৮৭ শতাংশ বেশি। ডিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৮৪টির দর বেড়েছে, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
বৃহস্পতিবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৪ পয়েন্ট। ১৫ দিন পর ১৪ হাজার ছাড়াল সিএসইর সার্বিক সূচক।
সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২২ কোটি ৮৬ লাখ টাকা এবং ৭০ শতাংশ বেশি।
সিএসইতি এদিন লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
ডিএসইর সাবেক সভাপতি ও শাকিল রিজভী ব্রোকারেজ হাউজের মালিক শাকিল রিজভি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে বিনিয়োগ সীমার ভেতরে থেকেই ব্যাংকিং খাত থেকে পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগ আসার পথ তৈরি হয়েছে। এর ইতিবাচক প্রভাবই পড়েছে বাজারে।
রোববার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, জানুয়ারি থেকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা হিসাবের ক্ষেত্রে সহযোগী কোম্পানির (মার্চেন্ট ব্যাংক/ব্রোকারেজ হাউজ) মূলধন আর ধরা হবে না। চলতি নিয়মে, সহযোগী কোম্পানির মূলধন যোগ করে ব্যাংকের মোট মূলধনের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করা যায় না।
