২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া শিল্পনগরীতে বাসস্থান চান শ্রমিকরা

হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারের ‘চামড়া শিল্পনগরীতে’ স্থানান্তরের আগে সেখানে বাসস্থানসহ সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এই শিল্পের শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

ট্যানারি শ্রমিকদের এই দাবির প্রতি সমর্থন দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নয়ের এক আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, “নতুন চামড়া শিল্পনগরীতে শ্রমিকদের বাসস্থানের কোনো ব্যবস্থা রাখা হয়নি।

“হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুর গিয়ে কোনো শ্রমিকের পক্ষে কাজ করা সম্ভব নয়। তাই এই শিল্পের বৃহত্তর স্বার্থে ট্যানারি স্থানান্তরের আগে শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে।”

আলোচনায় অংশ নিয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এই দাবির প্রতি সমর্থন দিয়ে বলেন, “ওই এলাকার আশপাশে থাকার কোনো ব্যবস্থা নেই। তাই জরুরি ভিত্তিতে ছাউনি আকারে হলেও আপাতত ব্যবস্থা করতে হবে শ্রমিকদের জন্য।”

শ্রমিকদের জন্য চামড়া শিল্পনগরীতে সরকার দুটি হাসপাতাল স্থাপনের চিন্তা ভাবনা করছে বলেও প্রতিমন্ত্রী জানান।

ট্যানারি স্থানান্তর প্রকল্পের পরিচালক আবদুল কাইয়ুম জানান, সাভারের চামড়া শিল্পনগরীতে শ্রমিকদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

“আমাদের প্রথম উদ্দেশ্যে হল পরিবেশ রক্ষা করার জন্য হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প স্থানান্তর করা,” বলেন তিনি।

সাভারে ১৯৯ দশমিক ৪০ একর জমির ওপর ২০৬টি প্লট আছে। ইতিমধ্যে ১৫৫টি প্লট হস্তান্তর করা হয়েছে। আরও ২০০ একর জমি অধিগ্রহণ করা হবে।

আবদুল কাইয়ুম বলেন, “পরিবেশ সুরক্ষার জন্য প্রথমে ওই এলাকায় কারখানা স্থানান্তরের বিষয়টিই আমাদের মাথায় ছিল। শ্র্রমিকদের আবাসন, কোয়ার্টার, তাদের পরিবার ও সন্তানদের থাকা, স্কুল ও চিকিৎসার বিষয়টি এই অধিগ্রহণ করা জমিতে করা যায় কিনা তা ভাবা হবে।”

দেশের রপ্তানি আয়ের তিন শতাংশ আসে চামড়া খাত থেকে, যা জিডিপির এক শতাংশ। চামড়া শিল্পে প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ করে। সাভারে এই শিল্প স্থানান্তর হলে শ্র্রমিকের সংখ্যা এক লাখ হবে বলে ধারনা ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের।

২০০৯ সালের জুনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির  এক রিট আবেদনে হাই কোর্ট হাজারীবাগের সব ট্যানারি সাভারে স্থানান্তরের নির্দেশ দেয়।

হাজারীবাগের ১৯৪টি ট্যানারির মধ্যে ১৫৪টি সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরের এই প্রকল্প বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের অধীনে বাস্তবায়িত হচ্ছে।

চলতি মাসের মধ্যে অন্তত দুটি কারখানা সাভারে স্থান্তরের পরিকল্পনা রয়েছে বলে আবদুল কাইয়ুম জানালেও কবে নাগাদ পুরোপুরি স্থানান্তর করা যাবে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।

ট্যানারি মালিক সমিতির সভাপতি শাহিন আহমেদ বলেন, “সেখানে ৪০ পারসেন্ট কাজ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পুরো কাজ শেষ হতে আরও অন্তত ১০ মাস লাগবে জানানো হয়েছে। কিন্তু আমাদের আশঙ্কা এ সময়ের মধ্যেও তারা কাজ শেষ করতে পারবেনা।”

অর্থ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক গত ২৬ জানুয়ারি জানিয়েছিলেন, এ বছরের জুনের মধ্যে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরিত হবে। পরে স্থানান্তর প্রক্রিয়ার সময় বাড়ানো হয়।

গত অগাস্টে এক টাস্কফোর্সের সভা শেষে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, “ডিসেম্বরের মধ্যেই হাজারীবাগের ট্যানারিগুলো সাভারে স্থানান্তরের কথা থাকলেও শিল্প মন্ত্রণালয়ই বলেছে, এই সময়ের মধ্যে তা সম্ভব হবে না।”

শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ট্যানারি মালিকদের কারখানা স্থানান্তরে আগামী জুলাই মাস পর্যন্ত ‘ডেডলাইন’ নির্ধারণ করে দেওয়া হতে পারে বলেও জানিয়েছিলেন টাস্কফোর্সের সভাপতি শাহজাহান খান।