২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভিয়েশন নিরাপত্তায় বেবিচকের দুই প্রকল্প

দেশের সব বিমানবন্দর ও ফ্লাইটের নিরাপত্তা বাড়াতে নতুন দুটি প্রকল্প শুরু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 07:59 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

বেবিচকের দাবি, প্রকল্প দুটি শেষ হলে বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এভিয়েশন খাতের সার্বিক চিত্র পাল্টে যাবে।

দুই প্রকল্পের মধ্যে জাপানি সংস্থা জাইকার সহায়তায় প্রথমটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে; আর পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় দ্বিতীয় প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান বেবিচক চেয়ারম্যান এম সানাউল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রথম প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা, যার মধ্যে ২৯৮ কোটি টাকা দেবে জাইকা আর বাকি ১০২ কোটি টাকা বেবিচক। এটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে ১৮ মাস।

"জাইকার বিশেষজ্ঞরা এ মুহূর্তে আমাদের সঙ্গে কাজ করছেন। প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এয়ারফিল্ডে জাইকা আমাদের এভিয়েশন সংক্রান্ত যন্ত্রপাতি দিচ্ছে,” বলেন সানাউল হক।

এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বেবিচক চেয়ারম্যান বলেন, “জাইকার প্রকল্পে থাকছে একসেস কন্ট্রোল; ঢাকা বিমানবন্দরে আমরা ডিজিটাল একসেস কন্ট্রোলে যেতে চাই।”

এছাড়া চট্টগ্রামের জন্য একটা রেডারসহ এভিয়েশন সংক্রান্ত বিভিন্ন রকমের প্রায় নয়টি যন্ত্র এই প্রকল্পের আওতায় কেনার কথা রয়েছে।

সানাউল বলেন, "চট্টগ্রামে এখন আমাদের কোনো রেডার নেই। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের দক্ষিণাঞ্চল বিশেষ করে বঙ্গোপসাগরে বিশাল একটি এলাকা এখনও আমাদের রেডার ওয়াচের বাইরে চলে যায়"

এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামে একটি রেডার স্থাপিত হলে বঙ্গোপসাগরসহ দক্ষিণাঞ্চলের পুরো এলাকা বেসামরিক বিমান কর্তৃপক্ষের নজরদারিতে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পিপিপি ভিত্তিতে শুরু হতে যাওয়া প্রকল্পের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে গত ১১ নভেম্বর; ১১ ফেব্রুয়ারি শেষ হবে এই দরপত্রের কাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই প্রকল্পেরও বিস্তারিত তুলে ধরেন বেবিচক চেয়ারম্যান সানাউল হক।

“অনেকগুলো ইক্যুইপমেন্ট কেনা হচ্ছে এই প্রকল্পে। এর মধ্যে ঢাকার জন্য একটি নতুন আধুনিক রেডারসহ অন্য বিমানবন্দরগুলোর জন্য বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। আধুনিক কিছু স্ক্যানিং মেশিন কিনছি, একটা নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমও কেনা হচ্ছে।”

প্রকল্পের আওতায় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম কেনার পর সেটি বসানোর জন্য ঢাকায় একটি নতুন কন্ট্রোল টাওয়ার করা হবে বলেন জানান তিনি।

সানাউল বলেন, "এটা পুরোপুরি অটোমেটেড হয়ে যাবে।”

"এছাড়া বাংলাদেশে নেই এমন কয়েকটি রেডিও নেভিগেশন এইড-এমন কিছু ইক্যুইপমেন্টস কিনছি, যেগুলোর প্রচলন বিশ্বে শুরু হয়েছে।"

প্রকল্প দুটির বাস্তবায়ন হলে এভিয়েশন খাতের নিরাপত্তা, ফ্লাইট সেফটি এবং এভিয়েশন স্ট্যান্ডার্ডের মানোন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বেবিচক চেয়ারম্যান বলেন, “এগুলো যখন আমরা বাস্তবায়ন করে ফেলবো, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি প্রত্যেকটি বিমানবন্দর ডমেস্টিক বা ইন্টারন্যাশনাল, নতুন আঙ্গিকে হাজির হবে।

"এগুলো শুধু নিরাপত্তাই নয়, হোল ফ্যাসিলিটেশন এবং এভিয়েশন সার্ভিস সবগুলোই নতুন মাত্রায় চলে আসবে।”