২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের (এএমসিএল) ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 05:42 PM

Updated : 22 Aug 2022, 02:19 PM

মঙ্গলবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভায় ২০১৪-১৫ হিসাব বছরের এই লভ্যাংশ  অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও ২০১৪-১৫ অর্থবছরে কোম্পানিটি ৭ কোটি ১২ লাখ টাকা করপূর্ব মুনাফা অর্জন করেছে। মোট বিক্রি ২১০ কোটি টাকায় উন্নীত হয়েছে। রপ্তানি হয়েছে ৩৪ কোটি ৮ লাখ টাকা (নগদ সহায়তাসহ)।

সভায় অন্যদের মধ্যে কোম্পানির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাহ্তাবউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, স্বতন্ত্র পরিচালক এম এ মান্নান, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান ও কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ২৭ অক্টোবর এএমসিএলের পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।