২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে চাঙ্গাভাব অব্যাহত

বাণিজ্যিক ব্যাংকের বিনিয়োগ নীতিমালায় পরিবর্তন আনার ইতিবাচক প্রভাব অব্যাহত রয়েছে পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 05:06 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। আর এনিয়ে টানা দুই দিন বাড়ল সূচক ।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংক নীতিমালা পরিবর্তন করে ব্যাংকের বিনিয়োগসীমা হিসাবের ক্ষেত্রে সহযোগী কোম্পানির মূলধন বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব অব্যাহত রয়েছে।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৩ পয়েন্টে অবস্থান করছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৯৬ পয়েন্টে।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫২৬ কোটি ২৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি ৩৮ লাখ টাকা বেশি।

ডিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৫৯টির দর বেড়েছে, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩ কোটি ৯৮ লাখ টাকা বেশি।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

ডিএসইর সাবেক সভাপতি ও শাকিল রিজভী ব্রোকারেজ হাউজের মালিক শাকিল রিজভি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকের বিনিয়োগ নীতিমালায় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।

“নতুন সিদ্ধান্তের ফলে বিনিয়োগ সীমার ভেতরে থেকেই ব্যাংকিং খাত থেকে পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগ আসার পথ তৈরি হয়েছে। বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে সোমবারও।”

রোববার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, জানুয়ারি থেকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা হিসাবের ক্ষেত্রে সহযোগী কোম্পানির (মার্চেন্ট ব্যাংক/ব্রোকারেজ হাউজ) মূলধন আর ধরা হবে না।

চলতি নিয়মে, সহযোগী কোম্পানির মূলধন যোগ করে ব্যাংকের মোট মূলধনের ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করা যায় না।

পুঁজিবাজারে বেশ কয়েকটি ব্যাংকের লাগামহীন বিনিয়োগ ২০১০ সালে ধসের মধ্যে পড়ার পর ব্যাংকিং খাতের ঝুঁকি বিবেচনা করে ২০১৩ সালের সেপ্টেম্বরে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক ওই সীমা বেঁধে দেয়।

একইসঙ্গে কোনো ব্যাংকের বিনিয়োগ মোট মূলধনের ২৫ শতাংশের বেশি হলে, তা কমিয়ে সীমার মধ্যে আনতে ২০১৬ সালের ২১ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ৪৮টি ব্যাংকের সবগুলো সাবসিডিয়ারি (সহযোগী প্রতিষ্ঠান) কোম্পানি মিলে ৫ হাজার ৬০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে।

নতুন নির্দেশনার ফলে, ১ জানুয়ারির পর পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ হিসাব করার ক্ষেত্রে এই ৫ হাজার ৬০০ কোটি টাকার মূলধন বাদ পড়বে।