ডাব্লিউটিও সম্মেলনে চার উদ্দেশ্যই সফল: বাণিজ্যমন্ত্রী
যে চার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) সম্মেলনে গিয়েছে সেগুলো সফল হয়েছে বলে জানিয়েছেন সম্মেলনের স্বল্পোন্নত দেশগুলোর সমন্বয়ক ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আঞ্চলিক কোনো বাণিজ্য চুক্তিতে যাতে ডাব্লিউটিওর বিধির ব্যত্যয় না ঘটে তা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে পারার কথাও জানিয়েছেন তিনি।
ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের দশম সম্মেলনে শেষে দেশে ফেরার পর সোমবার এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, নাইরোবিতে যাওয়ার পর ১৩ ডিসেম্বর কাজ শুরু করি। বাংলাদেশ ছিল স্বল্পোন্নত দেশগুলোর সমন্বয়ক। বাংলাদেশ শুধু বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করে নাই, বাংলাদেশ স্বল্পোন্নত ৪৮টি দেশের প্রতিনিধিত্ব করেছে।
স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে যেসব সিদ্ধান্ত নেওয়া হয় তার মধ্যে চারটা দাবি ছিল ‘খুব শক্ত’ একথা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, “একটা হলো, রুলস অব অরিজিন শিথিলকরণ।
“আমরা যে পণ্য তৈরি করি, এখানে আমাদের দেশীয় মূল্য সংযোজন কতটুকু। এটা আগে ৩০ শতাংশের বেশি হতে হতো। এটাকে আমরা এবার কমিয়ে ২৫ শতাংশে নিয়ে এসেছি। এটা বড় একটা অর্জন।”
এখন যে কোনো পণ্য রপ্তানি করতে গেলে ৭৫ শতাংশ অন্য দেশ থেকে আউটসোর্স করা যাবে একথা জানিয়ে তিনি বলেন, “২৫ শতাংশ আমাদের দেশ থেকে হলেই আমরা অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা পাব।”
বাণিজ্যমন্ত্রী বলেন, “আরেকটি হলো, ফার্মাসিউটিক্যালস শিল্পে আমরা ১৭ বছর মেয়াদ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এতে করে আমাদের ফার্মাসিউটিকাল শিল্প আগামীতে ব্যাপকভাবে প্রসারিত হবে।”
কেনিয়া প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে তিনি বলেন, “যে ওষুধ বাংলাদেশে ৫০ পয়সায় পাওয়া যায়, সেটা কেনিয়াতে দাম ১০ টাকা। মেধাস্বত্বে ছাড় বৃদ্ধি না পেলে আমাদের আরও অনেক বেশি দামে ওষুধ কিনতে হতো।”
তোফায়েল বলেন, “তৃতীয়ত, আমাদের সার্ভিস ক্ষেত্রে ওয়েভারের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ডাব্লিউটিও সেবাখাতে স্বল্পোন্নত দেশগুলোকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা প্রদানের ক্ষেত্রে প্রদত্ত ওয়েভার বাড়িয়েছে।”
তিনি বলেন, “চতুর্থত, ঘোষণাপত্রের আগে যখন আমরা সমঝোতা করছি, এটা কঠিন কাজ ছিল। সেখানে আমরা বলতে পেরেছি, ডাব্লিউটিও সমঝোতায় স্বল্পোন্নত দেশের ইস্যুগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পন্ন করা হবে এবং এসব ইস্যুতে লিগ্যাল বাইন্ডিং, সিদ্ধান্ত যাতে গ্রহণ করা যায়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া এলডিসির দেশগুলোতে বাজার সুবিধাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।”
বাণিজ্যমন্ত্রী বলেন, “আঞ্চলিক কোনো চুক্তি যাতে ডাব্লিউটিওর বিধির ব্যত্যয় না ঘটায় তাও আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি। আমরা চার ইস্যু নিয়ে গিয়েছি, চারটাকেই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে পেরেছি। আমরা মনে করি, যে উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম, সেটা হয়েছে।”
এসময় অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) অমিতাভ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
