নেপালের এনসেল কিনছে আজিয়াটা
নেপালের মোবাইল ফোন অপারেটর এনসেল প্রাইভেট লিমিটেড (এনসেল) অধিগ্রহণের মাধ্যমে এশিয়ায় আরও ব্যবসা প্রসারের ঘোষণা দিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় অপারেটর রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ (আজিয়াটা)।
এনসেলে রেনল্ডস হোল্ডিংস লিমিটেডের (রেনল্ডস) পুরো শেয়ার (১০০ শতাংশ) অধিগ্রহণ করতে টেলিয়াসোনেরা ইউটিএ হোল্ডিংস বিভি ও এসইএ টেলিকম ইনভেস্টমেন্টস বিভি- এর সঙ্গে শর্তসাপেক্ষে বিক্রয়-ক্রয় সংক্রান্ত একটি চুক্তি করেছে আজিয়াটার অঙ্গপ্রতিষ্ঠান আজিয়াটা ইনভেস্টমেন্টস (ইউকে) লিমিটেড।
ইউরোপের অন্যতম শীর্ষ টেলিযোগাযোগ কোম্পানি টেলিয়াসোনেরার সঙ্গে ২০০৮ সালের অক্টোবর থেকে সম্পৃক্ত ছিল এনসেল।
সোমবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দশমিক ৩৬৫ বিলিয়ন ডলারের বিনিময়ে রেনল্ডস অধিগ্রহণের মাধ্যমে এনসেলে ৮০ শতাংশ মালিকানা নিশ্চিত করেছে আজিয়াটা।
এর মাধমে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে আজিয়াটার উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার মোট এক দশমিক ৭৭ বিলিয়ন জনসংখ্যা আজিয়াটার নেটওয়ার্কের আওতায় আসবে।
মোট গ্রাহক সংখ্যা ২৬৮ মিলিয়ন থেকে বেড়ে ২৮০ মিলিয়নে পৌঁছানোর মাধ্যমে আজিয়াটা এ অঞ্চলের অন্যতম মোবাইল ফোন অপারেটরে পরিণত হবে বলে আশা করছে তারা।
নেপালে ৫১ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। দেশটির মোবাইল ফোন অপারেটরগুলোর মোট রাজস্বের প্রায় ৫৭ দশমিক ৫ শতাংশ ও মোট গ্রাহকের ৪৮ দশমিক ৮ শতাংশ নিয়ে এনসেল নেপালের শীর্ষ মোবাইল ফোন অপারেটর।
আজিয়াটার প্রেসিডেন্ট অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার দাতো শ্রী জামালউদ্দিন ইব্রাহিম বলেন, “নেপালে ব্যবসায়িক সম্প্রসারণকে আমরা গ্রুপের সুদূরপ্রসারি পরিকল্পনা হিসাবে দেখছি। নেপালের অর্থনৈতিক অগ্রতির সাথে সামঞ্জস্য রেখে উচ্চ গতির ইন্টারনেট এবং মানসম্মত টেলিযোগাযোগ সেবা ও পণ্য প্রদানের মাধ্যমে দেশটির উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখায় অঙ্গীকারবদ্ধ।”
দেশটির আইন অনুযায়ী এনসেলে ২০ শতাংশ স্থানীয় মালিকানা বজায় রেখে নেপালের বাজারে প্রবেশ করছে আজিয়াটা।
টেলিযোগাযোগ শিল্প ও নেপালের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ এবং গ্রুপের পরিচিত একজন ব্যক্তির নিজস্ব মালিকানায় রয়েছে এনসেলের বাকি অংশ। হস্তান্তর প্রক্রিয়া শেষ করে ২০১৬ সালের প্রথমার্ধেই এনসেলের মালিকানা অধিগ্রহণ করতে পারবে বলে আশা করছে আজিয়াটা।
আজিয়াটা এশিয়ার অন্যতম বৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ক্যাম্বোডিয়া, ভারত ও সিঙ্গাপুরে তাদের ব্যবসা রয়েছে।
সহযোগী ও নিয়ন্ত্রণাধীন অপারেটরদের মাধ্যমে পুরো এশিয়াজুড়ে আজিয়াটা গ্রুপের ২ কোটি ৬০ লাখ মোবাইল গ্রাহক রয়েছে। ২০১৪ সালে এই গ্রুপের আয় ছিল ১ হাজার ৮৭০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত।
ইতোমধ্যে আজিয়াটার বাংলাদেশি অপারেটর রবি এবং অপর একটি অপারেটর এয়ারটেল একীভূত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
