‘আঞ্চলিক চুক্তিতেও ডব্লিউটিওর মূলনীতি ক্ষুণ্ন করা যাবে না’
অঞ্চলভিত্তিক বাণিজ্য চুক্তিগুলোতেও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চোখ থাকছে।
এসব চুক্তিতে বিশ্ব সংস্থার মূলনীতিগুলো ক্ষুণ্ন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের দশম সম্মেলনে এ বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মতৈক্য হয়েছে।
সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরে রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সচিব বলেন, শক্তিশালী আঞ্চলিক চুক্তিগুলো এলডিসির (স্বল্পন্নোত দেশগুলোর জোট) স্বার্থকে ‘মার্জিনালাইজ’ করতে পারে, এমন ভাবনা থেকেই এলডিসির সমন্বয়ক বাংলাদেশ ডব্লিউটিও’র এই ক্ষমতায়ন চেয়েছে।
“আমরা এটা বলতে সমর্থ হয়েছি, এটা ঘোষণাপত্রেও এসেছে। যেন আঞ্চলিক চুক্তিগুলো ডাব্লিউটিও’র সঙ্গে কোহেরেন্ট (সামঞ্জস্য) থাকে। ডাব্লিউটিও’র মূলনীতি যাতে ভায়োলেট না হয়। অত্যন্ত সুন্দরভাবে পিসফুলি আমরা এটা ইনসার্ট করতে পেরেছি।”
কেনিয়ার রাজধানী নাইরোবিতে গত ১৫ ডিসেম্বর এ সম্মেলন শুরু হয়। ঘোষণাপত্রে একমত না হওয়ায় তিন দিনের এ সম্মেলনের মেয়াদ একদিন বেড়ে শেষ হয় ১৯ ডিসেম্বর।
সম্মেলনে আফগানিস্তান ও লাইবেরিয়াকে নতুন সদস্যপদ দেওয়া হয়।
নাইরোবি সম্মেলনে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ‘সফলভাবে উত্থাপন করার’ কথা জানান হেদায়েতুল্লাহ আল মামুন।
সুইজারল্যান্ডের জেনেভায় ডাব্লিউটিওর অষ্টম সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো কোনো বিষয়ে একমত না হওয়ায় বালিতে নবম সম্মেলনে কিছু প্যাকেজ নেওয়া হয়েছিল।
ওইসব প্যাকেজ নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হওয়ার কথা জানিয়ে সচিব বলেন, “দোহা রাউন্ডে যে সব সমঝোতা হয়েছিল, যুক্তরাষ্ট্র এমনকি ওইগুলোও মানতে চাচ্ছিলে না। পরে অনেক কষ্টে সদস্য রাষ্ট্রগুলো একটি সমঝোতায় পৌঁছায়।”
তিনি বলেন, মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যেহেতু সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিতে হয়, ফলে মতৈক্য প্রতিষ্ঠা বেশ কঠিন।
বাণিজ্য সচিব সম্মেলনের আগে অনুষ্ঠিত এলডিসি সদস্যদের নিয়ে হওয়া চায়না রাউন্ডেও অংশ নেন।
ওই রাউন্ডে এলডিসি শক্তিশালী প্রস্তাব গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, “রেজুলেশনে এলডিসিকে কী কী সুবিধা দিতে হবে, তার একটা উল্লেখ ছিল। ওই রেজুলেশনেরও একটা চাপ ছিল মূল সম্মেলনে।”
হেদায়েতুল্লাহ বলছেন, চাপের কারণেই ঘোষণাপত্রে স্বল্পোন্নত দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় ডাব্লিউটিও।
“মূল ডিক্লারেশনে রুলস অব অরিজিন ২৫ শতাংশ কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। আর এলডিসিভুক্ত দেশগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি অতীতে তাদেরকে যে সব সুবিধা দেওয়ার কথা ছিল, সেগুলোকেও স্বাগত জানানো হয়েছে।”
“স্বল্পোন্নত দেশগুলোর তো আর কারও ফার্মাসিউটিক্যাল শিল্প নাই। এই বর্ধিতকরণের কারণে এমনকি পাঁচ বছরের মধ্যেই আমরা বিশ্ববাজারে একটা বড় জায়গা করে নিতে পারব।”
তবে এবারও কৃষিপণ্যে ছাড়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ডাব্লিউটিও।
“কৃষির বিষয়গুলো এবারও সেটেল হয়নি। এ বিষয়ে আসলে সবার যুক্তিই খুব শক্তিশালী। এই যে ১৩০ কোটি মানুষের দেশ ভারত। তাদের খাদ্য নিরাপত্তা তো তাদেরকেই দেখতেই হবে। পৃথিবীর সব আইন কানুন বাদ দিয়েই দেখতে হবে। কিছুই করার নেই।”
নাইরোবিতে মন্ত্রী পর্যায়ের এ সম্মেলনে আফ্রিকার দেশগুলোর বেশ কিছু দাবিও গৃহীত হয়েছে বলে জানান বাণিজ্য সচিব।
“ওদের মহাদেশের প্রথম সম্মেলন হয়েছে তো তাই প্রত্যেক দেশেরই একটা স্পেশাল ইন্টারেস্ট ছিল। অনেক কষ্টে তারা এটা করতে পেরেছে।”
