২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির নেটওয়ার্ক সম্প্রসারণে অর্থ দিচ্ছে আইএফসি

মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে অর্থ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংকের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 09:20 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

রোববার রাজধানীর আমারি হোটেলে প্রতিষ্ঠান দুটির মধ্যে ৯৯ মিলিয়ন ডলারের (প্রায় ৭৭২ কোটি টাকা) অর্থ সহায়তার  একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে এবং আইএফসির সিনিয়র কান্ট্রি অফিসার এম. রেহান রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

দীর্ঘমেয়াদি এই ঋণ নিজেদের নেটওয়ার্কের বাইরের এলাকায় বিশেষত গ্রামাঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি মানুষকে টেলিযোগাযোগ সেবার আওতায় আনতে কাজ করবে বলে মনে করছে রবি।

চুক্তি সই অনুষ্ঠানে রবির এমডি ও সিইও সুপুন বলেন, “রবির প্রতি আইএফসি আস্থা স্থাপন করায় আমরা সত্যি কৃতজ্ঞ। এটি বাংলাদেশের ভবিষ্যতের ওপর বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার আস্থারই প্রতিফলন।”

আজিয়াটার লক্ষ্য এশিয়াকে এগিয়ে নিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর হিসাবে রবি সব সময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে নেটওয়ার্ক জোরদারে বেশি বিনিয়োগ করে আসছে বলে জানান সুপুন বীরাসিংহে।

আইএফসির সাথে এ ঋণ চুক্তি আজিয়াটার লক্ষ্য পূরণ, কর্পোরেট সুশাসন ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সুপুন বলেন, “ঋণ সহায়তার একটি বড় অংশ রবির ৩.৫ জি মোবাইল নেটওয়ার্কের বিস্তৃতি এবং সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবির চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) ইয়াপ ওয়াই ইপ বলেন, সাত বছরের জন্য এ চুক্তি হয়েছে।

তবে এই ঋণের সুদ হার জানাতে চাননি রবির কর্মকর্তারা।

চুক্তি সই অনুষ্ঠানে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন।

মানসম্মত টেলিযোগাযোগ সেবায় গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “দেশের প্রতিটি অঞ্চলে আমরা ডিজিটাল সংযোগ দিতে চাই। রবির এই চুক্তি দেশে টেলিযোগাযোগ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।”

আইএফসির সিনিয়র কান্ট্রি অফিসার এম. রেহান রশীদকে উদ্ধৃত করে রবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠানের নীতিমালা সমুন্নত রাখার মাধ্যমে রবি মোবাইল টেলিযোগাযোগ শিল্পে একটি দৃঢ় অবস্থান করে নিয়েছে।

“গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির জন্য রবি সফলভাবে তাদের প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে। আইএফসি মূলত রবির টেকসই ব্যবসার লক্ষ্যে শক্তিশালী কর্পোরেট সুশাসন কাঠামোয় মুগ্ধ। রবির সাথে এই অংশীদারিত্বে আমরা অত্যন্ত আনন্দিত।”

অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) এবং বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য মো. খাইরুল আনাম, মো. আবদুস জাহের, সালমা নাসরীন এবং বিশ্ব ব্যাংকের অপারেশনস অফিসার মোহাম্মদ লুৎফুল্লাহ উপস্থিত ছিলেন। 

এছাড়া অনুষ্ঠানে রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন।

মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ রবি আজিয়াটা লিমিটেড।

রাজস্বের বিবেচনায় রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর, যার গ্রাহক সংখ্যা ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি ৮৪ লাখ।