পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হচ্ছে: প্রতিমন্ত্রী
দেশের পাট শিল্প ধ্বংসের যে ষড়যন্ত্র চলছিল তা নস্যাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
রোববার সাভারের নামাবাজার এলাকায় পণ্যে পাটের ব্যবহার দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
গত ১৭ ডিসেম্বর থেকে যে কোনো পরিমাণ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি- এ ছয় পণ্য সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশনা দিয়ে আদেশ জারি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
এর আগে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি ২০ কেজি বা তার বেশি পরিমাণ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করার নির্দেশনা দেয় সরকার।
ওই নির্দেশনা বাস্তবায়নে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী, এবছরের ৩০ নভেম্বর থেকে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সরকার।
আমদানিকৃত চাল-চিনির ক্ষেত্রেও পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আজম বলেন, অভিযান শুরুর ২০ দিনে পাটের বস্তা ব্যবহারে স্বতঃস্ফূর্ত সহায়তার জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিএনপি-জামায়াত জোট সরকার দেশের পাটকলগুলো বন্ধ করে দেয়- অভিযোগ করে তিনি বলেন, এর ফলে পাট শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা এখন রিকশা চালায়। এসব শ্রমিকদের আবার ফিরিয়ে এনে সরকার বন্ধ পাটকলগুলো চালুর উদ্যোগ নিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও সোনালী আঁশের দেশ হিসেবে পরিচিত করতে কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে।
তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ধারা ১৪ অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এ অপরাধ পুনরায় করলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত করা হবে।
এজন্য পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী আজম বলেন, অভিযান শুরু করে আবার বন্ধ করে দিলে হবে না। সর্বত্র সাঁড়াশি অভিযান চালাতে হবে। পহেলা জানুয়ারি থেকে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করতে হবে।
এসময় অন্যদের মধ্যে পাট অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
