২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএল আনল ‘স্কাইব্যাংকিং’

স্মার্ট ফোন ও ট্যাবে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দিতে একটি নতুন সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 05:39 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

যারা ইবিএলের গ্রাহক নন তারাও ‘ইবিএল স্কাইব্যাংকিং’ নামের এই সেবা নিতে পারবেন। এটি মূলত একটি মোবাইল অ্যাপ্লিকেশন। ইবিএলের এটিএম বুথ ও শাখার অবস্থান জানার পাশাপাশি ব্যাংকটির অন্যান্য সেবা সম্পর্কে তথ্য মিলবে এই অ্যাপে।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।

তিনি বলেন, “গ্রাহকদের জীবনমান উন্নয়ন ও সহজ করার জন্য ইবিএল সবসময় নতুন কিছু করতে চায়। ইবিএল স্কাইব্যাংকিং এরকম একটি নতুন উদ্যোগ। আমাদের ৫০ থেকে ৫২টি প্রোডাক্ট আছে। এরমধ্যে ৪০ থেকে ৪২টি প্রোডাক্ট ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রথম এনেছে ইবিএল।”

এই অ্যাপও ব্যাংকিং খাতে প্রথম- জানিয়ে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমরা নিশ্চিত এর মাধ্যমে গ্রাহকরা তাদের সময় বাঁচানোর পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে করতে পারবেন।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ট্যাবে এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। স্মার্ট ফোন ব্যবহারকারী যে কেউ এর মাধ্যমে ইবিএলের এটিএম বুথ ও শাখার অবস্থান জানতে পারবেন। ব্যাংকের অন্যান্য পণ্য বা সেবা সম্পর্কে তথ্য পাবেন।

গ্রাহক নিরাপত্তার কথা চিন্তা করে অ্যাপটিকে মোবাইল ফোন সেটের আইএমইআই নম্বরে সংযুক্ত করা হবে। গ্রাহকের থাকবে ইউজার আইডি ও পাসওয়ার্ড। একজন গ্রাহক সর্বাধিক তিনটি ডিভাইসের মাধ্যমে এ সেবা লাভ করতে পারবেন। এর মাধ্যমে ফান্ড ট্রান্সফারের জন্য ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ লাগবে।

শিগগিরই অ্যাপটি উইন্ডোজ ও অ্যাপল ভার্সনে পাওয়া যাবে।

অনুষ্ঠানে ইবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।