২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিসের এজিএম অনুষ্ঠিত

সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে তথ্যপ্রযুক্তির স্থানীয় বাজার উন্নয়নের প্রত্যাশা নিয়ে বাংলাদেশে সফটওয়্যার নির্মাতাদের শীর্ষ সংগঠন বেসিসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 04:58 PM

Updated : 22 Aug 2022, 02:18 PM

শনিবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এই সভা হয় বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে সভায় সদস্য কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, পরিচালক সানি মো. আশরাফ খান, সামিরা জুবেরী হিমিকা, আরিফুল হাসান ও নির্বাহী পরিচালক সামি আহমেদ।

ছিলেন বেসিসের প্রাক্তন সভাপতি এ তৌহিদ, সারোয়ার আলম, রফিকুল ইসলাম রাউলি, হাবিবুল্লাহ এন করিম, একেএম ফাহিম মাশরুর প্রমুখও।

সভায় বেসিস মহাসচিব উত্তম কুমার পাল সংগঠনের ২০১৫ সালের কাজের বিবরণী এবং কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ ২০১৪-১৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন।

তাদের প্রতিবেদনের ওপর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আলোচনায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন।

সভায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখযোগ্য অংশ যাতে তথ্যপ্রযুক্তি খাতের স্থানীয় বাজার উন্নয়নে ভূমিকা রাখে সে বিষয়ে সরকারের সঙ্গে সম্পৃক্তরা আরও জোরদারের আহ্বান জানান বেসিসের সদস্যরা।

এ বিষয়ে বেসিস সভাপতি শামীম আহসান জানান, ইতোমধ্যে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে ডিজিটাল ওয়ার্ল্ড, বাংলাদেশ ইন্টারনেট উইক, কানেক্টিং স্টার্টআপসহ বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

তিনি জানান, তথ্যপ্রযুক্তি খাতের জন্য ২০২৪ সাল পর্যন্ত ট্যাক্স রহিতকরণ, ই-কমার্স থেকে ভ্যাট প্রত্যাহার, ভেঞ্চার ক্যাপিটাল পলিসি, সাইবার সিকিউরিটি পলিসি, আইসিটি কোম্পানির আইপিওতে অংশগ্রহণে স্মল ক্যাপসহ বেশ কিছু পলিসি তৈরিতে বেসিস প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এ শিল্পের উন্নয়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার ধারাবাহিকতা থাকবে।