শুধু কারখানা ভবন নয়, নিরাপদে রাখতে হবে শ্রমিকদেরও: আইএলআরএফ
শুধু কারখানা ভবন নিরাপদ হলেই পোশাক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে না, এজন্য ভেতরের কর্মপরিবেশ মানবিক হতে হবে।
সম্প্রতি প্রকাশিত ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক শ্রম অধিকার ফোরামের (আইএলআরএফ) এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।
এতে বলা হয়, পোশাক শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে হলে কারখানার ভেতরে হুমকি ও সহিংসতার বিষয়গুলোর দিকেও নজর দিতে হবে।
কর্মপরিবেশের সংস্কারের বিষয়ে পরবর্তী পদক্ষেপ হিসেবে ‘শ্রমিকদের প্রতি ‘সম্মান’ প্রদর্শনের চর্চা প্রবর্তনের উপর জোর দিয়ে বলা হয়, “তা না হলে শ্রমিকদের জীবন ও স্বাস্থ্য ঝুঁকির মুখেই থাকবে।”
৭০ জনের বেশি শ্রমিকের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়েছে, কর্মস্থলে নিজেদের কথা বলার সুযোগ না পেলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে না।
এতে বলা হয়, শ্রমিকরা কারখানা ও পোশাক প্রতিষ্ঠানগুলোতে বিরাজমান ‘হুমকি ও সহিংসতার সামাজিক সম্পর্কের ভয়ানক চক্র’ ভাঙ্গার উপর জোর দিয়েছে, যা তাদের পরিবার ও সমাজকে প্রভাবিত করে।
এই ‘সামাজিক সম্পর্কের ভয়ানক চক্রের’ কারণে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।
আইএলআরএফের প্রতিবেদনে বলা হয়, “শ্রমিকরা বলছে, মূলত পারস্পরিক শ্রদ্ধা ও তাদের বিভিন্ন চাহিদা পূরণের বিবেচনার বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
সাক্ষাৎকারে শ্রমিকরা জানিয়েছে, উৎপাদনের উচ্চ লক্ষ্যমাত্রা ও কাজের চাপের কারণে ব্যবস্থাপকরা তাদেরকে টয়লেটে যেতে, এমনকি পানি পানের বিরতি নিতেও বাধা দেয়। কখনও পরিবারে জরুরি চিকিৎসার বিষয় এলে তাদের ছুটি দেওয়া হয় না।
আইএলআরএফের মতে, পোশাক খাতের ‘মারাত্মক মূল্য চাপ ও নিবিড় উৎপাদন সূচি’র প্রতিফলন এই কাজের চাপের কারণেই বাংলাদেশে কারখানাগুলোতে মৌলিক নিরাপত্তা পদক্ষেপগুলো অবহেলিতই থেকে যাচ্ছে।
.
বিশ্বের নজর অন্য দিকে গেলে এবং চলমান সংস্কার কর্মসূচি শেষ হলে এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি।
“কার্যত, এসব উৎপাদনের চাপের কারণেই যে প্রয়োজনীয় নিরাপত্তা পদক্ষেপে মারাত্মক বিলম্ব হচ্ছে তার প্রমাণ বাড়ছে।”
আইএলআরএফ বলছে, কারখানায় সোচ্চার শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার অবসান এবং শ্রমিকদের সঙ্গে মালিক ও ব্যবস্থাপকদের পারস্পরিক শ্রদ্ধাবোধের কর্মপরিবেশ নিশ্চিত করাকে ‘পরবর্তী পর্যায়ের’ সংস্কারে লক্ষ্য হিসেবে নিতে হবে।
এজন্য শ্রমিক ইউনিয়ন নিবন্ধনের পাশাপাশি তদন্ত করে যেসব মালিক শ্রমিকদের মুখ বন্ধ রাখতে সহিংসতা ও হুমকির আশ্রয় নেয়, তাদের নাম প্রকাশ করতে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে এই প্রতিবেদনে।
একইসঙ্গে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে আইএলআরএফ বলেছে, ‘শ্রমিকদের মুখ বন্ধ রাখার’ মতো পরিবেশ তৈরির জন্য দায়ী পোশাক কেনার যে চর্চা অনুসরণ করেন, তার সংস্কার করতে হবে।
প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের স্বল্প মজুরি তাদের মানবেতর অবস্থার ‘ফাঁদে’ ফেলছে। এছাড়া শ্রমিকরা যৌন নির্যাতন ও হয়রানির কথা বলেছে, যেগুলোর জন্য উল্টো তাদেরকেই দায়ী করা হয়।
“তারা আমাদের যা বলেছে, তাতে কিছু ব্যতিক্রম ছাড়া এক কথায় বলতে গেলে, এটা নিরাপদ কর্মপরিবেশের পরিবেশের পরিবর্তে অসহায়ত্বের এক চূড়ান্ত অবস্থা,” প্রতিবেদনে বলা হয়েছে।
