২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড চলবে

দশ বছর সময় বেঁধে দিয়ে মেয়াদোত্তীর্ণ ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড বন্ধ করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি যে সিদ্ধান্ত দিয়েছে, তা এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 02:13 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেয়।

এর ফলে এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ড ওয়ান (এইমস ওয়ান) ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান (গ্রামীণ ওয়ান) বন্ধ করা যাবে না এবং সেগুলো ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চলবে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন এইমসের আইনজীবী ব্যরিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ২৪ জানুয়ারি এক নির্বাহী আদেশ জারি করে ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর বেঁধে দেয় এবং যেসব ফান্ডের মেয়াদ দশ বছর পেরিয়ে গেছে তা অবিলম্বে বন্ধ করার সিদ্ধান্ত দেয় বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এই আদেশের প্রেক্ষিতে চলতি বছরের ২৯ জুন বিএসইসি এক সভায় চলতি বছরের ৩১ ডিসেম্বর এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচুয়াল ফান্ড ওয়ান ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ওই নির্বাহী আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এই দুটি ফান্ডের অন্যতম ইউনিট হোল্ডার আলী জামান ১৪ সেপ্টেম্বরে হাই কোর্টে রিট আবেদন করে।

প্রাথমিক শুনানি নিয়ে ২৬ সেপ্টেম্বর হাই কোর্ট রুল ও স্থগিতাদেশ দেয়। আর রুলের ওপর শুনানি শেষে মঙ্গলবার আদালত রায় দেয়।

আদালতে রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান, এইমসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। বিএসইসির পক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার তানজীব উল আলম।

পরে মেহেদী হাসান বলেন, হাই কোর্ট এইমস ওয়ান ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের ক্ষেত্রে বিএসইসি ২০১০ সালের ২৪ জানুয়ারি সিদ্ধান্ত এবং এর প্রেক্ষিতে চলতি বছরের ২৯ জুন নেওয়া সিদ্ধান্ত অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছে।