২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিম নিবন্ধন: বায়োমেট্রিকের সমস্যা শনাক্ত, বুধবার উদ্বোধন

ত্রুটি সারিয়েই বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 10:13 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রাহকদের অনেকের আঙ্গুলের ছাপ জাতীয় পরিচয়পত্র তথ্যভাণ্ডারের সঙ্গে মিলছিল না বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল।

এরই পরিপ্রেক্ষিতে রোববার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আঙ্গুলের ছাপ না মেলা নয় বরং জাতীয় পরিচয়পত্রের নম্বর ‘এন্ট্রি’ করার সময় ভুল হওয়ায় পরীক্ষামূলক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে কিছুটা সমস্যা হয়েছিল।

গত ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে চলতে থাকা এই পদ্ধতিতে সাময়িক সমস্যাগুলো সমাধান করা হয়েছে বলেও জানান তারানা হালিম।

তিনি হালিম বলেন, আগামী ১৬ ডিসেম্বর থেকে এই পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

রোববার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এক অনুষ্ঠান শেষে তারানা হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি শুরুর পর আমরা দেখেছি কিছু বিষয় আমাদের ধারণার অতীত ছিল। যেমন কারো ফিঙ্গার প্রিন্ট মিলছিল না বা ফিঙ্গার প্রিন্ট বা রেখা ছিল না।”

এই ধরনের সমস্যা সমাধানের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সিম নিবন্ধনে অনেক সময় ‘এরোর’ আসছিল। এনআইডি কর্তৃপক্ষ বলেছে, বেশিরভাগ ক্ষেত্রে নিবন্ধনের সময় এনআইডি নম্বর যখন লিখছে তখন একটি এক বা দুই বেশি পড়ে যাচ্ছে।”

গত ২১ অক্টোবর নিজের নামে একটি সিম নিবন্ধনের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে পরীক্ষামূলক সিম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে গ্রাহকরা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে পারছেন।

১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে অপারেটররা।

ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন ছাড়া সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়।

এই প্রক্রিয়া শুরু হওয়ার পরপর প্রায় এক কোটি গ্রাহকের নিবন্ধন যাচাই করে দেখা গেছে, এর মধ্যে সঠিকভাবে নিবন্ধন হয়েছে মাত্র ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি সিম।

বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকসহ মোট ৬টি অপারেটর রয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র হিসাবে গত অক্টোবর শেষ নাগাদ দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে।

পুরনো খবর:

আঙুলের ছাপ মিলিয়ে সিম নিবন্ধন শুরু