‘পুঁজিবাজারে বিনিয়োগ বড় ভাইয়ের কথায় নয়’
‘বড় ভাইয়ের কথা শুনে নয়’ বরং নিজে বুঝে তারপর শেয়ার বাজরে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ওয়েব পোর্টাল অর্থসূচক আয়োজিত ‘শিল্পায়নে পুঁজিবাজার ও বিকল্প অর্থায়ন’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
তিন দিনের বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ছিল এক্সপোর দ্বিতীয় দিন।
আশরাফ উদ্দিন বলেন, “অনেকেই প্রশ্ন করেন শেয়ার বাজার ম্যানুপুলেশন কীভাবে বন্ধ করা যায়। এখন যদি পাল্টা প্রশ্ন করি, রাস্তায় দুর্ঘটনা কীভাবে বন্ধ করবেন? উত্তরটা হলো আইন কানুন মেনে চললে দুর্ঘটনা হবে না।
“একই ভাবে শেয়ার বাজারেরও কিছু নিয়ম কানুন আছে, সেগুলো যদি ঠিকমতো মেনে চলা হয়, তাহলে কোনো সমস্যা থাকবে না। শেয়ার বাজার সম্পর্কে নলেজ বাড়াতে হবে। কোনো বড় ভাই বলল, তা শুনে বিনিয়োগ করলে হবে না। টিপস বেইসড ইনভেস্টমেন্ট কমান।”
সেমিনারে ইনভেস্টমেন্ট বোর্ড অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান বলেন, “অনেকেই বলেন, ক্যাপিটাল মার্কেটের অবস্থা ভালো নয়, তারা ২০১০ সালের উদাহরণ দেন। আমি কিন্তু দেখছি সবগুলো ক্ষেত্রেই বাজার অনেকাংশে এগিয়েছে। সব দেশেই পুঁজিবাজারে কিছু সমস্যা হয়।”
ব্যাংকের পাশাপাশি বীমা কোম্পানিগুলোকেও পুঁজিবাজারে কাজ করার পরামর্শ দেন আর্থিক খ্যাতের এ বিশ্লেষক।
‘নির্বাচনী লোক নেই বলে…’
সেমিনারে প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের থাকার কথা থাকলেও তিনি আসেননি, যদিও তার অপেক্ষায় অনুষ্ঠান শুরু করা হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য নিয়ে আলোচনা করতে এসে রূপালী ব্যাংকের পরিচালক জাকির আহম্মেদ বলেন, “এখানে তো কোনো নির্বাচনী লোক নাই, তাই মনে হয় মন্ত্রী অনুষ্ঠান বয়কট করেছেন।”
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেডের প্রধান নির্বাহী এরশাদ হোসেন।
অন্যদের মধ্যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর রিসার্চ ফেলো ড. মঞ্জুর হোসেন, বিডিবিএন এর পরিচালক দেওয়ান নুরুল ইসলাম আলোচনায় অংশ নেন।
