ডব্লিউটিও লক্ষ্য থেকে সরে গেছে: বাণিজ্যমন্ত্রী
প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটিতে স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে আগামী ১৫-১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে দেশত্যাগের আগের দিন বৃহস্পতিবার সাংবাদিকদের একথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, “যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা গড়ে উঠেছিল, সেই লক্ষ্য থেকে আমরা অনেক দূরে সরে গেছি। লক্ষ্য ছিল- উদারীকরণ করা এবং বিশ্বায়ন করা। এই দুটিকে সামনে রেখে অনেক অনেক অঙ্গীকার ছিল। বিশেষ করে, স্বল্পোন্নত দেশগুলোর জন্য।
“এই বিশ্বায়নে যদি দেখা যায় স্বল্পোন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে তাদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হবে। সেই বিশেষ সুযোগটাই ছিল মার্কেট অ্যাক্সেস। কিন্তু সুযোগটাই উন্নত দেশগুলো নিয়ে নিছে। উদারীকরণ বা বিশ্বায়নের লাভ পেয়েছে উন্নত দেশগুলো।”
“এখন স্বল্পোন্নত দেশগুলোকে যখন দেওয়ার সময় এসেছে, এখন তারা ডব্লিউটিওকে বিভিন্ন খাতে পরিচালিত করছে। যেমন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এটা ডিসটরশন ব্যতীত আর কিছু নয়। আপনি আফ্রিকার কতগুলো দেশকে শুল্কমুক্ত বাজার সুবিধা দিচ্ছেন। কিন্তু বাংলাদেশসহ নেপাল, ভুটান, কম্বোডিয়াসহ অন্য দেশগুলো পাচ্ছে না।
“অথচ নিয়ম হলো, একটা স্বল্পোন্নত দেশকে যে সুবিধা দিবেন, সব স্বল্পোন্নত দেশকে সেই সুবিধা পাবে।”
সম্মেলনে এ বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন বলে জানান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, “সিঙ্গাপুরে হওয়া প্রথম মিনিস্ট্রিয়াল কনফারেন্সের সিদ্ধান্ত কী ছিল? স্বল্পোন্নত দেশগুলোকে বাজার সুবিধা দেওয়া। প্ল্যান অব অ্যাকশনে কী করেছে?
“এখন টিপিপি করছে, এটা আরেকটা ইস্যু যে, আপনি টিপিপি করে ভিয়েতনামকে শুল্কমুক্ত সুবিধা দিবেন, আর আমি টিপিপির সদস্য না হওয়ায় এটা পাব না। তাহলে ডাব্লিউটিও করার যুক্তি কোথায় থাকল? এই সব বক্তব্যগুলো আমরা ভালোভাবে তুলে ধরবো।”
“হ্যাঁ, আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য, শুরু থেকে। প্রত্যেকটা মন্ত্রী পর্যায়ের কনফারেন্সে আমরা যোগদানও করেছি। যখনই আমরা স্বল্পোন্নত দেশগুলোর প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি, আমরা দক্ষতার সঙ্গে পালন করেছি। এবারও আমরা করব।”
সম্মেলনে অংশ নিতে যাওয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে প্রস্তুতি সভার মধ্যে সাংবাদিকদের এসব বলেন মন্ত্রী।
এ সময় অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রনালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিউটিও সেল) অমিতাভ চক্রবর্তী, বিজিএমইর সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। শুক্রবার রাতে কয়েকজন সফরসঙ্গীকে সাথে নিয়ে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
