পোশাকের চেয়ে বেশি সম্ভাবনা তথ্যপ্রযুক্তিতে: কামাল
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সুর মিলিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তথ্যপ্রযুক্তি খাত দেশের সবচেয়ে সম্ভাবনাময় দুটি খাতের একটি।
বৃহস্পতিবার ঢাকার সোনারগাঁও হোটেলে দুদিনব্যাপী ‘বিজসেন প্রসেস আউটসোর্সিং (বিপিও)’ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের জন্য গার্মেন্টস খাতের চেয়ে বেশি সম্ভবনা রয়েছে আইসিটি খাতে।”
দেশে আউটসোর্সিংয়ের জনপ্রিয়তা বাড়াতে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং যৌথভাবে দুদিনের বিপিও সামিট আয়োজন করে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জয় বলেন, দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতের চেয়ে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করলে কয়েকগুণ বেশি আয় হয়।
ভবিষ্যতে পোশাক রপ্তানির চেয়ে আইটি পণ্য রপ্তানি বেশি হওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, “যে কোনো জাতি কোথায় যেতে চায়- তার গন্তব্য নির্ধারণ করতে হবে। আমাদের গন্তব্য ডিজিটাল বাংলাদেশ।”
এ প্রসঙ্গে প্রতিবেশী দেশ ভারতের কথা উল্লেখ করে তিনি বলেন, “১৯৮০ সালে ভারত আইসিটি (তথ্যপ্রযুক্তি) খাতের যাত্রা শুরু করে এখন ১৩০ বিলিয়ন ডলারের সফটওয়্যার রপ্তানি করে।”
“ভারত পারলে আমরা কেন পারব না?” যোগ করেন পরিকল্পনামন্ত্রী।
তার মতে, আইসিটি দিয়ে শুধু স্বপ্ন দেখলে হবে না। এ খাতের সংশ্লিষ্টদের সহযোগিতা করতে হবে।
এসময় পরিকল্পনামন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে জাতীয় রাজস্ব আদায়ে ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক বলেন, “২০১৮ সালের মধ্যে আইসিটি খাতে আমাদের রপ্তানি হবে এক বিলিয়ন ডলার। আর ২০২১ সালের মধ্যে তা তিন বিলিয়ন ডলারে উন্নীত হবে।”
তিনি বলেন, “বর্তমান বিশ্বে মানুষের আধুনিক জীবনের প্রধান অনুষঙ্গ আইসিটি। এটি শহর ও গ্রামের বৈষম্য দূর করছে।”
আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্ব অনুষ্ঠানে জানানো হয়, সম্মেলনে ১২টি সেশনে ৭৯ জন দেশি ও ৯ জন বিদেশি প্রযুক্তিবিদের বক্তব্য শুনেছে ১০ হাজারের বেশি লোক।
