বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে আনতে হবে: বাণিজ্যমন্ত্রী
বহুজাতিক কোম্পানিগুলোকে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ওপর জোর দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এতে সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হবে।
বৃহস্পতিবার ঢাকায় পুঁজিবাজার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে অনেক বহুজাতিক কোম্পানি ব্যবসা করছে। তারা বেশ মুনাফাও করছে।
“এ কোম্পানিগুলো থেকে সাধারণ মানুষরা উপকৃত হয় না। তারা পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে সাধারণ মানুষ উপকৃত হবেন। পুঁজিবাজারকে শক্তিশালী করতে হলে তাদেরও এর সঙ্গে যুক্ত করতে হবে।”
বিভিন্ন ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, ট্রাস্টি, অডিট ফার্ম, কাস্টোডিয়ান ও পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫টি স্টল রয়েছে ব্যবসা-বাণিজ্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক আয়োজিত এ মেলায়।
বাণিজ্যমন্ত্রী বলেন, “কিছুদিন আগে আমি একটি বহুজাতিক কোম্পানির অনুষ্ঠানে গিয়ে তাদের এ (পুঁজিবাজারে আসার) কথা বলেছি। সম্প্রতি আরেকটি প্রোগ্রামে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপেও বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে এনলিস্টেড করার বিষয়ে কথা হয়েছে।”
এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আরও নমনীয় এবং পুঁজিবাজারবান্ধব হওয়ার আহ্বান জানান তোফায়েল।
পুঁজিবাজার গতিশীল হলে শিল্পখাতের স্থবিরতা কেটে যাবে এবং আবাসন খাতের মন্দা ভাবও দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য আব্দুল কুদ্দুস, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
