সূচকের সঙ্গে লেনদেন কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিন দেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক ও লেনদেন কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স মঙ্গলবার ১৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯৩ পয়েন্ট হয়েছে।
এ বাজারে লেনদেন হয়েছে ৩৯৮ কোটি ৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি ৪২ লাখ টাকা কম।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের মধ্যে ১৫২টির দর কমেছে, বেড়েছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৭টির দাম।
আগের দিনের মতো মঙ্গলবারও ডিএসইতে উর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আধাঘণ্টা যেতে না যেতেই শুরু হয় পতন, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ও চলতি সপ্তাহের প্রথম দিন রোববার বাজারে কিছুটা চাঙ্গাভাব দেখা গিয়েছিল। এরপর সোমবার দুই পুঁজিবাজারেই সূচক পতন হয়।
মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমে ১৪ হাজার ২৫ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২ কোটি ৩০ লাখ টাকা কম।
এ বাজারে লেনদেনে অংশ নিয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৮৮টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টির দর।
