অ্যাকর্ড-অ্যালায়েন্সের সময় বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের তৈরি পেশাক কারখানা পরিদর্শনের জন্য অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভবন ও অগ্নি নিরাপত্তা বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিল্প নিরাপত্তা সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান এলিভেট পার্টনার্স লিমিটেড আয়োজিত এই প্রদর্শনী চলবে তিনদিন।
তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও উত্তর আমেরিকার পোশাক আমদানিকারকদের জোট অ্যালায়েন্স এ আয়োজনে সহযোগিতা করছে।
২০১৮ সালের জুলাই মাস পর্যন্ত অ্যাকর্ড ও অ্যালায়েন্সের বাংলাদেশে পরিদর্শন কার্যক্রম পরিচালনার অনুমোদন রয়েছে।
তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর বিশ্ব ক্রেতা গোষ্ঠীর পক্ষে এ দুটি সংগঠন তৈরি করে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ ও নিরাপত্তা উন্নয়নে চুক্তি করা হয়।
সংগঠন দুটি ২০১৩ সালের জুলাই মাসে ৫ বছর মেয়াদে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ, নিরাপত্তা উন্নয়ন ও শ্রমিক সংগঠনগুলার উন্নয়নে কাজ শুরু করে।
অ্যালায়েন্স ইতোমধ্যে ৫৮৭টি কারখানা পরিদর্শন করেছে, বিভিন্ন কারখানার শ্রমিকদের প্রশিক্ষণও দিয়েছে। আর অ্যাকর্ড পরিদর্শন শেষ করেছে ১২৮৯টি কারখানা।
বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কারখানাগুলোর অবস্থার পরিবর্তন হয়েছে। দেশের বেশিরভাগ কারখানা এখন কমপ্লায়েন্স। নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে শ্রমিকরা কাজ করছে। ফায়ার ও বিল্ডিং সেফটি এখন অনেক ভালো। নিরাপদ কাজের পরিবেশে শ্রমিকরা সন্তুষ্ট।”
তাজরীন ও রানা প্লাজায় অপ্রত্যাশিত দুর্ঘটনার ফলে অনেক দেশ বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা পেয়েছিল- একথা উল্লেখ করে তিনি বলেন, “সরকারি ও বেসরকারি উদ্যোগের ফলে সে ইমেজ সংকট কেটে উঠেছে। বিশ্ব রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”
বিশ্বের অনেক দেশে শিল্প কারখানা আছে, কিন্তু সেখানে কারও প্রবেশাধিকার নেই- একথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “কোনো ব্যক্তি ওইসব দেশে কারখানা পরিদর্শন করতে চান- এমন কথা বললে তাকে ভিসা দেওয়া হয় না।
“কিন্তু আমাদের দেশে অ্যাকর্ড আছে, অ্যালায়েন্স আছে। তারা চেষ্টা করছে, তাদের মেয়াদ বাড়ানোর জন্য। কিন্তু প্রশ্নই আসে না সময় বাড়ানোর। একদিন বা এক সেকেন্ডও সময় বাড়ানো হবে না।”
তিন দিনের এই প্রদর্শনীতে ভবন, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা উপকরণ সামগ্রী নিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
অনুষ্ঠানে অ্যালায়েন্স ও এলিভেট পার্টনার্স এর ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবীন, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর বলেন, “আমাদের কারখানাগুলোতে এখন অনেক উন্নত কর্মপরিবেশ বিরাজ করছে। আগামী বছরের মধ্যে সব ধরনের সংশোধন কার্যক্রম শেষ হবে বলে আশা করছি।”
