কৃষকদের তথ্য দিতে গ্রামীণফোনের নতুন সেবা
কৃষকদের জন্য কৃষি বিষয়ে তথ্য জানাতে একটি সেবা চালু করেছে গ্রামীণফোন।
গ্রামীণফোন থেকে ২৭৬৭৬ নম্বরে নিবন্ধন করে শস্য উৎপাদন, শাক-সবজি ও মৎস্য চাষ, গবাদি পশুপালন ও পুষ্টিসহ কৃষির বিভিন্ন নানা তথ্য সেবা নিতে পারবে কৃষকরা।
সোমবার বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জিপি কৃষিসেবা’র উদ্বোধন হয়।
অনুষ্ঠানের শুরুতে রাজশাহীর আঞ্চলিক ভাষায় একটি নাটিকার মাধ্যমে তুলে ধরা হয় এই সেবার নানা দিক।
নাটকে বলা হয়, কৃষি তথ্য যাবে আইভিআর এবং ভয়েস ম্যাসেজভিত্তিক, যা কৃষকরা মোবাইল ফোনে পাবেন। আইভিআর সেবা পেতে প্রতি সপ্তাহে খরচ হবে পাঁচ টাকা।
এছাড়া কৃষিসেবার জন্য নিবন্ধিত গ্রাহকরা যে কোনো অপারেটরে প্রতি সেকেন্ড ১ টাকা রেটে কথা বলতে পারবেন।
পরে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “সব ধরনের মানুষের জন্য আমরা আমাদের সেবাকে ক্রমাগত বিভিন্ন আঙ্গিকে বিস্তৃত করছি। ‘জিপি কৃষিসেবা’ আমাদের অভিনব সেবাগুলোরই সর্বশেষ সংস্করণ।”
জিপি কৃষিসেবায় কন্টেন্ট পার্টনার হিসেবে রয়েছে উইনমিয়াকি লিমিটেড।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স সৈয়দ তালাত কামাল ও কৃষিসেবা সার্ভিসের প্রকল্প ব্যবস্থাপক সুমাইয়া সাদিয়া রায়হান বক্তব্য রাখেন।
