ফের দরপতন পুঁজিবাজারে
দুদিন কিছুটা চাঙ্গাভাবের পর ফের দরপতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের দুই বাজারেই মূল্যসূচক পড়েছে।
প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৬৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৮ পয়েন্টে নেমে এসেছে।
লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৫০ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের মধ্যে ১৯৬টির দর কমেছে, বেড়েছে ৭৭টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির।
আগের দিনের মতো সোমবারও ডিএসইতে উর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু হলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি। আধাঘণ্টা যেতে না যেতেই শুরু হয় পতন, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ও চলতি সপ্তাহের প্রথম দিন রোববার বাজারে কিছুটা চাঙ্গাভাব দেখা দিয়েছিল।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৩ লাখ টাকা।
লেনদেনে অংশ নিয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দর।
