২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের ১৪০ পরিবারকে পানির ট্যাংক দেবে ব্যাংক আলফালাহ

‘সুস্থ জীবনের জন্য পানি’ প্রকল্পের আওতায় সুন্দরবন এলাকার তিনটি গ্রামের ১৪০টি পরিবারকে পানির ট্যাংক দেবে ব্যাংক আলফালাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 12:36 AM

Updated : 25 Apr 2022, 02:15 PM

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) নামক প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়ন করবে।

রোববার এমআরডিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটি নিয়ে শনিবার দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই ও চেক হস্তান্তর অনুষ্ঠান হয়।

প্রকল্প সম্পর্কে অনুষ্ঠানে ব্যাংক আলফালাহ’র আবাসিক প্রতিনিধি এস এ এ মাসরুর বলেন, সুন্দরবনে বসবাসরত প্রান্তিক নারীদের ক্ষমতায়নে সিএসআর উদ্যোগ ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

“বসতবাড়িতে নিরাপদ পানির সংস্থান এসব নারীর এবং তাদের পরিবারের সদস্যদের সুস্থ্য ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।”

এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, সুন্দরবনের নারীরা সুচিকর্মের মাধ্যমে এখন অর্থ উপার্জন করছে এবং তাদের পরিবারে সহায়তা করছে। পানির ট্যাংক ক্রয়ের মোট অর্থের ৪০ শতাংশ তারাই প্রদান করছে, যা কয়েক বছর পূর্বে চিন্তাই করা যেত না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোপূর্বে ব্যাংক আল-ফালাহ’র সিএসআর কার্যক্রমের আওতায় কৈলাশগঞ্জ, বনলাউডোব এবং ঢেংমারী গ্রামের বাছাইকৃত নারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই ও সুচিকর্মের প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষিত নারীরা এখন তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের মাধ্যমে মুনাফা অর্জন করছে। তাদের এই ব্যবসায়িক কর্মকাণ্ড টেকসইকরণের লক্ষ্যে তারা মহিলা সমিতি গঠন করেছে।

এই নারীরা ‘গাঁওস্বপ্ন’ নামক একটি ‘ব্র্যান্ড আউটলেটের’ অংশীদার।