২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্ট এয়ারে টিকিট বিক্রিতে ছাড় আরও ১০ দিন

পাঁচ বছর পূর্তিতে বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজের টিকিট মূল্যে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ের মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 08:01 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

পাঁচটি আর্ন্তজাতিক ও দুটি অভ্যন্তরীণ রুটের টিকিটে ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ছাড়ের সুযোগ শনিবার শেষ হওয়ার কথা ছিল।

এদিন রিজেন্টের হেড অব সেলস ইরফান হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অফারের মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এতে বলা হয়, বিপুল চাহিদা ও চাকরিজীবীদের সুবিধার্থে এ সময় বাড়ানো হয়েছে।

এই বিশেষ ছাড়ে ট্যাক্সসহ  ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে টিকিটের দাম  ১৭ হাজার ২৪ টাকা, চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম  ১৮ হাজার ৫৩১ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ১৯ হাজার ৯৯৬ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২৪ হাজার ৫১২ টাকা ধরা হয়েছে।

এছাড়া ঢাকা-কলকাতা-ঢাকা রুটে আট হাজার ৫১৬ টাকা, চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম নয় হাজার ৫০৩ টাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা পাঁচ হাজার ২৩৩ টাকা, ঢাকা-কক্স্বাজার-ঢাকা ছয় হাজার ছয় টাকা টিকিটের মূল্য রাখা হয়েছে।

বিশেষ ছাড়ের টিকিটের যাত্রীরা আগামী বছরের ৫ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর সময়ের মধ্যে ভ্রমণ করতে পারবেন। রিজেন্ট এয়ারওয়েজের দেশব্যাপী সকল সেলস্ সেন্টার এবং ট্র্যাভেল এজেন্ট থেকে এই টিকিট কেনা যাবে।