২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার নিয়ে ঢাকায় মেলা বসছে

পুঁজিবাজারের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানি ও সংস্থা নিয়ে ১০ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৫।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 08:43 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ মেলার আয়োজন করেছে ব্যবসা-বাণিজ্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল ‘অর্থসূচক’।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে বলে অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান জানান।

আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, ট্রাস্টি, অডিট ফার্ম, কাস্টোডিয়ান এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছে। মেলায় এসব প্রতিষ্ঠানের প্রায় ৮০টি স্টল থাকছে।

এর বাইরে আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি এবং বাংলাদেশ অর্থনীতি সমিতিকে স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে।

মেলার প্রথম দিন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, দ্বিতীয় দিন অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এবং তৃতীয় দিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া তিন দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিনামূল্যে কূপনের ব্যবস্থা থাকছে। এই কূপনের মাধ্যমে ঢাকা থেকে মালয়েশিয়া এবং ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের সুযোগসহ প্রতিদিন ২১ জনের জন্য বিভিন্ন পুরস্কার থাকছে।

জিয়াউর রহমান বলেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ‘যোগ্য নেতৃত্বের শুন্যস্থান পূরণে’ নতুন প্রজন্ম থেকে 'যোগ্য নেতৃত্ব’ পেতে তারা এই আয়োজন করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুঁজিবাজারে যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে। ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যোগ্য নেতার অভাবে ভুগছে।

“নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে মেলায় ২১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের কাছে পুঁজিবাজারের মৌলিক বিষয়াদিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।"

পুঁজিবাজার নিয়ে মানুষের নেতিবাচক মনোভাব দূর করা ও অর্থনীতিতে পুঁজিবাজারের গুরুত্ব সম্পর্কে অবহিত করাও মেলার অন্যতম উদ্দেশ্য বলে জানান জিয়াউর।