২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটান থেকে বোল্ডার আমদারিতে শুল্ক ছাড় হবে: বাণিজ্যমন্ত্রী

ভুটান থেকে বোল্ডার আমদানিতে বাংলাদেশিদের কোনো শুল্ক দিতে হবে না বলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 11:39 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

ঢাকা সফররত ভুটানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বুধবার বৈঠকের পর এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

দুই দেশের মধ্যে আন্তঃবাণিজ্যে বেশ কিছু বিষয়ে মতৈক্য ও একটি সমঝোতা স্মারক সই হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশে এখন বোল্ডারের সংকট। ভুটান থেকে যদি বোল্ডার আমদানি করি, সেখানে তাদের কোনো শুল্ক দিতে হবে না।

“এটা ডিউটি ফ্রি। আমাদের বাংলাদেশি ক্রেতাদের ডিউটি দিতে হবে না।”

পদ্মা সেতুসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ প্রকল্পে বোল্ডারের চাহিদা রয়েছে। ভুটান থেকে বহু সংখ্যায় বোল্ডার আমদানি করা যাবে বলে তোফায়েল আহমেদ জানান।

“আমরা পদ্মা ব্রিজ বানাতে যাচ্ছি, সেখানে আমাদের অনেক বোল্ডারের প্রয়োজন হবে। আমাদের অবকাঠামো খাতে আরও বোল্ডারের প্রয়োজন আছে, সেটা আমরা পাব,” বলেন তিনি।

এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় পদ্মা সেতুর জন্য ভুটান থেকে বোল্ডার আনায় শুল্কমুক্ত সুবিধা পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী।

ভুটানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘চমৎকার’ মন্তব্য করে দেশটিকে ১৫টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কথা সরকারের বিবেচনায় রয়েছে বলে বাণিজ্যমন্ত্রী জানান।

তিনি বলেন, “ভুটান আমাদের বন্ধুপ্রতীম দেশ। স্বাধীন বাংলাদেশকে প্রথক স্বীকৃতি দেয় ভুটান। সেই জন্য ভুটানের ব্যাপারে আমরা খুবই আন্তরিক।

“ভুটানের প্রধানমন্ত্রী ১৫টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চেয়েছেন। সেটা আমরা বিবেচনায় রেখেছি।”

বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং ভুটানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব দেশো ইয়েশি ওয়াংদি এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।