১৬০ বিলিয়ন ডলারে অ্যালার্গান কিনছে ফাইজার
ভায়াগ্রা প্রস্তুতকারক নিউ ইয়র্কভিত্তিক ওষুধ কোম্পানি ফাইজার ১৬০ বিলিয়ন ডলারে বোটক্স প্রস্তুককারক ডাবলিনভিত্তিক কোম্পানি অ্যালার্গান কিনে নিচ্ছে।
রয়টার্স জানিয়েছে, স্বাস্থ্যখাতের সবচেয়ে বড় এই চুক্তির ফলে ফাইজার তাদের সদরদপ্তর আয়ারল্যান্ড নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে তাদের ট্যাক্স বিলও কমাতে পারবে।
যুক্তরাষ্ট্রের অন্যতম বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজারের এমন সিদ্ধান্তে দেশটির আর্থিক কৌশল নিয়ে রাজনৈতিক অঙ্গনে ফের তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
ফাইজারের পক্ষ থেকে সোমবার জানানো হয়, চুক্তি অনুযায়ী ২০১৬ সালের দ্বিতীয় ভাগে দুই কোম্পানি একীভূত হবে বলে আশা করা হচ্ছে। নতুন কোম্পানির নামও হবে ‘ফাইজার’। সদরদপ্তর স্থানান্তরিত হবে আয়ারল্যান্ডে।
কোম্পানি দুটি জানিয়েছে, ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়ান রিডই হবেন যৌথ কোম্পানির সিইও। আর অ্যালার্গানের সিইও ব্রেন্ট সন্ডার্স হবেন প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার।
অ্যালার্গানের শেয়ারহোল্ডাররা তাদের প্রতি শেয়ারের জন্য যৌথ কোম্পানির ১১.৩টি শেয়ার পাবেন। চুক্তিতে অ্যালার্গানের প্রত্যেক শেয়ারের দর ধরা হয়েছে ৩৬৩.৬৩ মার্কিন ডলার, গত শুক্রবার যা ৩১২.৪৬ ডলার ছিল।
রয়টার্স জানিয়েছে, অ্যালার্গানের সঙ্গে একীভূত হওয়ার পর ১৬৬ বছরের পুরনো ওষুধ কোম্পানি ফাইজার বিশ্বের সবচেয়ে বড় ওষুধ কোম্পানিতে পরিণত হবে। সেইসঙ্গে তা হবে ট্যাক্স কমাতে যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির বিদেশে চলে যাওয়ার সবচেয়ে বড় দৃষ্টান্ত।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ধরনের চুক্তিকে ‘দেশপ্রেমবর্জিত কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করে তা ঠেকানোর চেষ্টাও করেছেন।
যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনও এ ধরনের চুক্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন।
ফাইজার ও অ্যালার্গানের এই ‘মার্জারের’ তীব্র সমালোচনা করেছেন দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারির প্রধান প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্স এবং বিরোধী রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “বিষয় হচ্ছে ফাইজার আমাদের দেশ ছেড়ে যাচ্ছে অনেককে চাকরিহারা করে, যা খুবই দুঃখজনক।”
যদিও দুই কোম্পনি একীভূত হওয়ার ফলে কত লোক চাকরিচ্যুত হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রয়টার্স জানিয়েছে, অক্টোবরের শেষ দিক থেকেই আলোচনায় থাকা এই ‘মার্জারের’ খবরে ফাইজারের শেয়ার দর কমেছে ২.৬ শতাংশ আর এলার্গানের কমেছে ৩.৪ শতাংশ।
এদিকে কোটি কোটি ডলারের রাজস্ব হারানোর শঙ্কায় থাকা মার্কিন ট্রেজারি জানিয়েছে, ট্যাক্স বিল কামনোর এসব চুক্তি সীমিত করতে তারা পদক্ষেপ নিচ্ছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, মার্কিন ট্রেজারির এসব পদক্ষেপ ফাইজারকে দেশে রাখতে তেমন কোনো কাজে আসবে না।
যুক্তরাষ্ট্রের করপোরেট ট্যাক্স হার ৩৫ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ। আর আয়ারল্যান্ডে এই হার ১২.৫ শতাংশ।
নতুন এ চুক্তির ফলে বিশ্বের আরও প্রায় ৭০টি বড় ওষুধ বাজারে কয়েকটি পণ্যের একচেটিয়া ব্যবসা করবে ফাইজার। এখন অ্যালার্গানের হাতে থাকা ত্বকের বলিরেখা দূরের ওষুধ বোটক্স ও আলঝেইমারের ওষুধ নামেন্দার বাজারও তাদের হবে।
বিশ্লেষকদের নিয়ে করা এক কনফারেন্সে ফাইজার জানিয়েছে, একীভূত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্যবসা বাড়বে, লাভবান হবেন শেয়ারহোল্ডাররা। আর বছরে বিক্রি হবে ৬৪ বিলিয়ন ডলারের পণ্য।
যুক্তরাষ্ট্রে ফাইজারের কর হার কমাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন সিইও ইয়ান রিড। তিনি বলছেন, অ্যালার্গানের সঙ্গে একীভূত হওয়ার চুক্তিটি ফাইজারকে বিদেশে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করবে।
ফাইজার ও অ্যালার্গান ধারণা করছে, একীভূত হওয়ার ফলে ২০১৯ সাল নাগাদ তাদের শেয়ার প্রতি আয় কমপক্ষে ১০ শতাংশ বাড়বে এবং ২০২০ সালের মধ্যে তা ১৯ শতাংশ হতে পারে।
একীভূত কোম্পানির ৫৬ শতাংশ শেয়ারের মালিকানা পাবে ফাইজারের শেয়ারহোল্ডাররা।
গত ১৫ বছরের মধ্যে এটি হবে ফাইজারের চতুর্থ ‘মার্জার’। এর আগে তারা ওয়ার্নার-ল্যাম্বার্ট, ফার্মাসিয়া ও ওয়েথ এর মতো বড় বড় ওষুধ কোম্পানির সঙ্গে একীভূত হয়েছে।
ফাইজার এর আগে যুক্তরাজ্যভিত্তিক ওষুধ কোম্পানি এস্ট্রজেনেকা কিনতে চেয়েছিল। তবে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিষদ ও দেশটির রাজনীতিকদের বিরোধিতায় ১১৮ বিলিয়ন ডলারের ওই চুক্তি আর হয়নি।
