দেড় ঘণ্টা বিলম্বে ডিএসইতে লেনদেন শুরু
কারিগরি ত্রুটি সারিয়ে তোলার পর নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা বিলম্বে লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসেই কারিগরি ত্রুটির কারণে লেনদেন শুরু করা যায়নি ডিএসইতে।
প্রকৌশলীরা ত্রুটি সারিয়ে তোলার পর বেলা ১২টা থেকে লেনদেন শুরু হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) শফিকুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কারিগরি ত্রুটির কারণে লেনদেন প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল।
“আমাদের প্রকৌশলীরা ত্রুটি সারিয়ে তোলার পর ১২টা থেকে লেনদেন শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।”
সাধারণত সকাল সাড়ে ১০টা থেকে লেনদেন শুরু হয় পুঁজিবাজারে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে বেলা ১২টা পর্যন্ত ডিএসইর ওয়েবসাইটে সূচকের ঘরগুলো শূন্য ছিল।
তবে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল থেকে যথারীতি লেনদেন চলছে।
