২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকখাতে সহযোগিতার কর্মপরিবেশের লক্ষ্যে আইএলও’র প্রশিক্ষণ

কর্মক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি পোশাক খাতের শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 10:02 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) সঙ্গে যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করবে তারা।

এর আওতায় চলতি বছরেই ১০০ পোশাক কারাখানার শ্রমিক, কর্মকর্তা মিলিয়ে ২৭০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে বুধবার আইএলওর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, বিআইএম কর্মশালার কারিগরি সহায়তা দেবে।

এছাড়া বিজিএমইএ, বিকেএমইএ, ন্যাশনাল কো-অপারেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন (এনসিসিডব্লিউই) ও ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) এতে সহযোগিতা করছে।

নরওয়ে ও ডেনমার্ক সরকারের আর্থিক সহায়তায় এই কর্মশালা বাস্তবায়িত হবে।

আইএলও বলছে, প্রশিক্ষণের ফলে কারখানার শ্রমিক এবং মালিক ও তাদের প্রতিনিধি-উভয় পক্ষের সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে কারখানার কর্মপরিবেশের উন্নয়নে তাদের মধ্যে অর্থবহ আলোচনার পথকে সুগম করবে।  

কর্মসূচির আওতায় অনেকগুলো দুই দিনের কর্মশালা আয়োজন করা হবে, যেখানে প্রতিটি কারখানা থেকে সমান সংখ্যক শ্রমিক ও কর্মকর্তারা অংশ নেবেন।

বিআইএম’র সাতজন ব্যবস্থাপনা পরামর্শকসহ মোট ২৮ জন প্রশিক্ষক কর্মশালা পরিচালনা করবেন। তারা সবাই আইএলওর আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্র (আইটিসি) থেকে ‘ইফেক্টিভ ওয়ার্কপ্লেস কো-অপারেশন’ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

আইএলওর আবাসিক প্রতিনিধি শ্রীনিবাস রেড্ডি বলেন, “মালিক ও শ্রমিকরা যত বেশি আলোচনা করবে ততো বেশি সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতার কর্মপরিবেশ তৈরি হবে। এই প্রশিক্ষণে এই খাতের জনশক্তির দক্ষতা বাড়বে, যাতে বাংলাদেশের তৈরি পোশাক খাত এবং এখানে কর্মরত সবাই উপকৃত হবে।”

এছাড়া ইপিজেডের কারখানার শ্রমিক ও ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের বিষয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে আলোচনা করছে আইএলও।