স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লাইসেন্স বাতিল
বিমা পলিসিতে অনিয়মের দায়ে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের নিবন্ধন সনদ বাতিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থা (আইডিআরএ)।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, লাইসেন্স বাতিল হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির পুনঃবীমাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
লাইসেন্স ফিরে পেতে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স সরকরের কছে আবেদন করবে বলেও ডিএসই জানিয়েছে।
এবিষয়ে আইডিআরএর জনসংযোগ কর্মকর্তা তানিয়া আফরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোম্পানিটি ৯০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল করতে পারবে।”
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আইডিআরএর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে সরকারের সিদ্ধান্তেই প্রতিষ্ঠানটির ভাগ্য নির্ধারিত হবে।
আইন অনুযায়ী, নিবন্ধন সনদ বাতিল হওয়ার ছয় মাস পর সংশ্লিষ্ট কোম্পানির অবসায়নের (কার্যক্রম গুটিয়ে নেওয়া) জন্য আদালতে যাবে আইডিআরএ। তখন চূড়ান্তভাবে সনদ বাতিল হবে।
কোনো কোম্পানির নিবন্ধন সনদ বাতিল বাতিল কার্যকর হলে বীমাকারী নতুন কোনো চুক্তি করতে পারবে না।
২০১৩ সালের ২৮ নভেম্বর মধ্যরাতে গাজীপুরের কোনাবাড়ীর জারুন এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের বহুতলবিশিষ্ট পোশাক কারখানায় আগুন লাগে।
এই ঘটনায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) যোগসাজশে করে স্ট্যান্ডার্ড গ্রুপকে বিপুল অঙ্কের টাকা তুলে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
চলতি বছরের ১৮ জুন প্রথম দফায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করে আইডিআরএ। পরে কোম্পানিটি হাই কোর্টে গেলে আদালত আইডিআরএর সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেয়।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আইডিআরএ সুপ্রিম কোর্টে আপিল করলে স্থগিতাদেশ বাতিল হয়।
সম্প্রতি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ঝুঁকি পুনঃবীমায় অনিয়মের আইডিআরএর কাছে ক্ষমা চাইলেও তা আমলে না নিয়ে লাইসেন্স স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।
২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স।
